আশুলিয়ায় মহাসড়কের পাশে পড়ে ছিল হাত বাঁধা লাশ
সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে রশিতে হাত ও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। তিনি সিরাজগঞ্জের মিজানুর রহমানের ছেলে। লাশটি উদ্ধারের সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমেই তাঁর নাম–পরিচয় পাওয়া গেছে। নুরুলের পরনে কালো রঙের জ্যাকেট ও প্যান্ট ছিল।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় মহাসড়কের পাশে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক রাজু মণ্ডল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির গামছা দিয়ে চোখ ও রশিতে হাত বাঁধা ছিল। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।