‘চিঠি দিও প্রতিদিন, নইলে থাকতে পারব না/ চিঠিগুলো অনেক বড় হবে/ পড়তে পড়তে সকাল–দুপুর আর রাত্রি চলে যাবে/ কোথায় থাকো কেমন থাকো/ একে একে সবই লিখো/ সেই তো হবে মোর সান্ত্বনা।’ বাংলা চলচ্চিত্র ‘অনুরোধ’–এর জনপ্রিয় এই গানের কথার মতো তাঁর প্রিয়মানুষ কেমন আছে, কোথায় আছে, সেই খবর জানতে এখন আর চিঠির অপেক্ষায় থাকেন না। চিঠির জন্য ডাকপিয়নের পথ চেয়ে বসেও থাকেন না। এ কারণেই ঠাকুরগাঁও শহরের ডাকবাক্সগুলোয় এখন আর চিঠিও পড়ে না।
ঠাকুরগাঁওয়ের সংগীতশিল্পী শহিদুল ইসলাম বলেন, ‘চিঠি দিও প্রতিদিন’ গানটি ১৯৭৬ সালে রচিত। ওই সময় চিঠিই ছিল প্রিয়জনকে মনের কথা জানানোর অন্যতম মাধ্যম। প্রিয়জনের চিঠির জন্য ডাকপিয়নের পথ চেয়েই থাকতে হতো মানুষকে। এখন দিন পাল্টেছে। চিঠির কদর নেই বললেই চলে। তাই ডাকবাক্সগুলোয় এখন আর চিঠি পড়ে না, দিনের পর দিন ফাঁকা পড়ে থাকে।
১৯৪৮ সালে সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘রানার’-এ কবিতার একটি চরণে কবি লিখেছেন, ‘কত চিঠি লেখে লোকে—/ কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখ ও শোকে।’ সেই চিঠি আদান–প্রদানে রানার, ডাকপিয়ন, পোস্টমাস্টারসহ ডাকবিভাগের অন্য কর্মচারীরা ব্যস্ত সময় পার করতেন।
মানুষের মধ্যে সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, আবেগ এখনো আগের মতোই আছে। বদলেছে শুধু দিন। সেই সঙ্গে মনের কথা জানানোর মাধ্যম হাতে লেখা চিঠির আবেদন হারিয়েছে। এখন হাতে লেখা চিঠির জায়গা দখলে নিয়েছে মুঠোফোন, ই–মেইল, মেসেঞ্জারসহ আরও কত কী? এসব প্রযুক্তি ব্যবহার করে এখন মানুষ চাইলেই মুহূর্তের মধ্যে দেশ-দেশান্তরে প্রিয়জনের খোঁজখবর নিতে পারছেন। পাশাপাশি তাঁর মুখও দেখতে পারেন। আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। দিবসটি সামনে রেখে ডাক বিভাগের খোঁজখবর নিতে গিয়ে এ করুণ চিত্রই উঠে এসেছে।
সুকান্ত ভট্টাচার্য রানার কবিতায় আরও লিখেছেন, ‘রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,/ দস্যুর ভয় তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।’ যে রানার ভয়কে পেছনে ফেলে মানুষের চিঠি নিয়ে পৌঁছে দিতেন, তাঁর অস্তিত্ব এখন আর নেই। জরাজীর্ণ হয়ে পড়ে আছে ডাকবাক্সগুলো। শুধু চিঠি আদান-প্রদানেই নয়, অন্য সেবাতেও ডাকঘর গুরুত্ব হারাতে বসেছে।
জেলা ডাক বিভাগ সূত্র জানায়, স্বাধীন বাংলাদেশে ডাক সার্ভিস প্রবর্তন হয় ১৯৭১ সালের ২০ ডিসেম্বর। ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কে জেলার প্রধান ডাকঘর অবস্থিত। জেলায় ৪টি উপজেলা ডাকঘর, ৩টি উপডাকঘর, দুটি অবিভাগীয় উপডাকঘর ও ৭৬টি অবিভাগীয় শাখা ডাকঘর রয়েছে। অবিভাগীয় শাখা ডাকঘরগুলোর অধিকাংশেরই দাপ্তরিক কাজ করার মতো কার্যালয় নেই।
জেলা ডাক বিভাগে ১ জন পোস্টমাস্টার, ৪ জন উপজেলা পোস্টমাস্টার, ২ জন পরিদর্শকসহ মোট ৮৩ জন সেবা দিচ্ছেন। এসব ডাকঘরের আওতায় চিঠি বিলি ছাড়াও সঞ্চয়পত্র বিক্রি, জাতীয় সঞ্চয় প্রকল্প, জীবনবীমাসহ অনলাইনভিত্তিক আরও অন্তত ১০টি খাতে সেবা দেওয়া হয়। কিন্তু এসব সেবার সব গ্রাম পর্যায়ের শাখা ডাকঘরগুলোয় পাওয়া যায় না।
ডাক বিভাগের সীমাবদ্ধতার কারণে দেশে একাধিক ডাক মাধ্যম, যা কুরিয়ার সার্ভিস নামে সেবা দিয়ে যাচ্ছে। একসময় টাকা পাঠাতেও ব্যবহার হতো পোস্ট অফিস। মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠানো হলেও এখন মোবাইল ব্যাংকিং সেবা আরও দ্রুত ও কার্যকর হওয়ায় ডাকঘরমুখিতাও কমেছে, কুরিয়ার সার্ভিসগুলোয় এখন মানুষের ভিড়।
শনিবার সদর উপজেলার রাজাগাঁও, ঢোলারহাট, রুহিয়া, রুহিমানপুরসহ এলাকায় গিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার ডাকবাক্সগুলো নিয়মিত খোলা হয় না। ঢোলারহাটের শাখা ডাকঘরটির সাইনবোর্ডই নেই। গ্রিলে ঝুলছে লতা–পাতা। রুহিয়ার ডাকবাক্সটি প্রতিদিন বেলা সোয়া ১১টায় খোলার কথা থাকলেও তা নিয়মিত খোলা হয় না।
ডাকঘরে চিঠি আদান-প্রদানের পাশাপাশি পরিবার সঞ্চয়পত্র, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্রসহ জাতীয় সঞ্চয় প্রকল্প ও আজীবন বীমা, শিক্ষামেয়াদি বীমা, বিবাহ বীমাসহ ডাক জীবনবীমা করারও ব্যবস্থা রয়েছে। কিন্তু জেলায় এসব বীমার গ্রহীতা কতজন রয়েছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, পাঁচ লাখ পর্যন্ত টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কিনতে হলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও পাঁচ লাখ টাকার বেশি টাকার সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কিনতে হলে আয় করের রির্টান দাখিল প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে অনেক গ্রহীতা সঞ্চয় প্রকল্পে আগ্রহ দেখাচ্ছেন না।
এখন আর আগের মতো হাতে লেখা চিঠি আদান-প্রদান হয় না। বিশেষ করে বিদেশি চিঠির সংখ্যা খুবই কমে গেছে। তবে বর্তমানে জমির পরচা, সরকারি ডাক বা ব্যাংকের কাগজপত্র আদান-প্রদান হচ্ছে।সমির উদ্দিন, পোস্টাল অপারেটর, রুহিয়া শাখা ডাকঘর, ঠাকুরগাঁও
রুহিয়া শাখা ডাকঘরের পোস্টাল অপারেটর সমির উদ্দিন বলেন, এখন আর আগের মতো হাতে লেখা চিঠি আদান-প্রদান হয় না। বিশেষ করে বিদেশি চিঠির সংখ্যা খুবই কমে গেছে। তবে বর্তমানে জমির পরচা, সরকারি ডাক বা ব্যাংকের কাগজপত্র আদান-প্রদান হচ্ছে।
সেবার মাশুল কমিয়েও লাভ হচ্ছে না
তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ২০১০ সালের ২৬ মার্চ টাকা পাঠানোর আধুনিক ব্যবস্থা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) সেবা চালু করে ডাক বিভাগ। সেবাটি চালু হওয়ার পর খুব দ্রুত মানুষের মধ্যে সাড়া পড়ে। গ্রাহক টানতে ২০১৬ সালের জানুয়ারিতে সেবার মাশুল কমানো হয়েছে। এক হাজার টাকা পাঠাতে ১৮ টাকা ৫০ পয়সা লাগলেও এখন ১০ টাকা করে লাগে। তবে মাশুল কমিয়েও কোনো লাভ হয়নি। গ্রাহকের সংখ্যা বাড়েনি, উল্টো আগ্রহ কমেছে।
ডাক বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সম্প্রতি কথা বলে জানা গেছে, কয়েকটি কারণে ইএমটিএস সেবাটি নিতে গ্রাহকদের আগ্রহে ভাটা পড়ে। এক, বিকেল পাঁচটার পর টাকা জমা বা উত্তোলন করা যায় না। দুই, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ডাকঘর বন্ধ থাকে। তিন, বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রাহকেরা হাতের কাছে পেলেও ইএমটিএস সেবা নিতে নির্দিষ্ট ডাকঘরে যেতে হয়। চার, প্রচার-প্রচারণা না থাকায় অনেকেই সেবাটি সম্পর্কে জানেন না।
আশা জাগিয়েছে ডমেস্টিক মেইল সফটওয়্যার সিস্টেম
প্রান্তিক জনগোষ্ঠীকে ডমেস্টিক মেইল সফটওয়্যারের (ডিএমএস) মাধ্যমে দ্রুত সেবা দেওয়ার জন্য ঠাকুরগাঁও ডাকঘরে চালু হয়েছে পস মেশিনের মাধ্যমে চিঠি, ডকুমেন্ট ও পার্সেল ইস্যু এবং বিলি। প্রেরিত চিঠিটি প্রাপকের কাছে পৌঁছে গেলেই মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রেরক জানতে পারছেন। এর আগে ইস্যুর সময় প্রাপকও জানতে পারছেন তাঁর নামে একটি চিঠি, ডকুমেন্ট ও পার্সেল ইস্যু কোন জায়গা থেকে, কোন দিন এমনকি কে কখন পাঠিয়েছেন। এ সেবার মাধ্যমে প্রেরক ও প্রাপক ডাকঘরের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে সহজেই জানতে পারছেন তাঁর চিঠি, ডকুমেন্ট বা পার্সেলের অবস্থান। এ বিষয়ে ঠাকুরগাঁও প্রধান ডাকঘরের পরিদর্শক জয় গোপাল রায় বলেন, ডিএমএস ডাক বিভাগগুলোয় কাজে গতি এনেছে। পাশাপাশি সেবা ডিজিটাল হওয়ায় ডাক বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা রাড়ছে। মানুষ আবারও ডাকঘরমুখী হতে শুরু করেছে।
প্রযুক্তির ছোঁয়ায় ডাক বিভাগ এখন বদলাচ্ছে। ডাকঘরের ডিজিটাল সেবায় মানুষের আস্থা বেড়েছে। এ সেবা চালু করায় আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ডাকঘরে আগের চেয়ে চিঠি, ডকুমেন্ট বা পার্সেল আদান-প্রদান বেড়েছে। ডাক বিভাগের মাধ্যমেও তুলনামূলক কম খরচে যেকোনো স্থানে দ্রুত টাকা পাঠানো যায়।
ঠাকুরগাঁও প্রধান ডাকঘরের পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) রায়হানুল হক বলেন, ‘প্রযুক্তির ছোঁয়ায় ডাক বিভাগ এখন বদলাচ্ছে। ডাকঘরের ডিজিটাল সেবায় মানুষের আস্থা বেড়েছে। এ সেবা চালু করায় আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ডাকঘরে আগের চেয়ে চিঠি, ডকুমেন্ট বা পার্সেল আদান-প্রদান বেড়েছে। ডাক বিভাগের মাধ্যমেও তুলনামূলক কম খরচে যেকোনো স্থানে দ্রুত টাকা পাঠানো যায়।’
দিনাজপুর অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল প্রদীপ কুমার বলেন, ‘সাধারণ মানুষ আমাদের সেবা সম্পর্কে সচেতন নয়। এ কারণে জনগণের দোরগোড়ায় যেতে বেগ পেতে হচ্ছে। আমরা যে ২৪ ঘণ্টার মধ্যে একটি চিঠি ঢাকা থেকে ঠাকুরগাঁও বা ঠাকুরগাঁও থেকে ঢাকা পৌঁছে দিচ্ছি, তা অনেকেই জানেন না। আবার অনেকের মধ্যে আমাদের সেবা নিয়ে আস্থার সংকটও রয়েছে। আমরা সেই সংকট কাটাতে কাজ করছি। যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগকে বিশ্বমানসম্পন্ন প্রতিষ্ঠানে উন্নীত করতে আমরা বদ্ধপরিকর।’