উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বিজিবি ঘটনাস্থল থেকে সশস্ত্র গোষ্ঠীর বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। গোলাগুলির ঘটনা ঘটে গতকাল বুধবার বিকেলে।
বিজিবির দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার পালংখালীর বাহারপাড়া–সংলগ্ন নাফ নদীর শূন্যরেখায় জেলের বেশে একটি নৌকায় অবস্থান করছিলেন মিয়ানমারের সশস্ত্র গ্রুপের কয়েকজন সদস্য। এ সময় নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় অবস্থানরত বিজিবির একটি টহল দলের অবস্থান লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। আত্মরক্ষার্থে বিজিবিও কয়েকটি গুলি ছোড়ে। একপর্যায়ে তাঁরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরবর্তী সময়ে বিজিবি টহল দল নৌকাটি জব্দ করে এবং তাতে তল্লাশি চালিয়ে ১টি জি-থ্রি রাইফেল, ৩টি জি–থ্রি রাইফেলের খালি ম্যাগাজিন, ৩টি ফাইবার ম্যাগাজিন, ৫১৫টি গুলি, ৪ হাজার ইয়াবা বড়ি, মুঠোফনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।