রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা পেতে গাজীপুর থেকে মানিকগঞ্জে তরুণদের পদযাত্রা
রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে বের হয়েছে দুটি রোভার স্কাউট দল। আজ মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মানিকগঞ্জের উদ্দেশে তাদের পাঁচ দিনের পদযাত্রা শুরু হয়।
আয়োজকেরা জানিয়েছেন, গাজীপুর থেকে শুরু হওয়া এই পরিভ্রমণ কর্মসূচি ফুলবাড়িয়া ও মির্জাপুর হয়ে শেষ হবে মানিকগঞ্জের শিবালয়ে। যাত্রাপথে স্কাউট সদস্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। একই সঙ্গে ডাকবাংলোসহ নির্ধারিত স্থানে তাঁরা রাত যাপন করবেন।
সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা কর্মসূচির উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তরুণদের এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম শারীরিক ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিভ্রমণে অংশ নেওয়া দলগুলো হলো মৌচাক মুক্ত স্কাউট গ্রুপ ও মানিকগঞ্জ সরকারি কলেজ রোভার গ্রুপ। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে দলনেতা হিসেবে আছেন আফরিক আহাম্মেদ, সাইফুল ইসলাম, আল সানিয়াত ইসলাম, গার্ল-ইন রোভার স্কাউট দলের দলনেতা কবিতা আক্তার এবং সদস্য নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা।
মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের দলনেতা নাজমুল হোসেন বলেন, রোভারিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি পেতে ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জন একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে হয়। তবে তাঁদের এ যাত্রার উদ্দেশ্য শুধু ব্যাজ অর্জন নয়; এটি শারীরিক সক্ষমতা, ধৈর্য ও দলগত ঐক্যের প্রতীক।
পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও চালাবেন। তাঁরা প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ রোধ, মাদকবিরোধী প্রচারণা, ডেঙ্গু প্রতিরোধ ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে জনগণকে সচেতন করবেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে দেবেন।
অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা বলছেন, এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে তাঁরা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে চান এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে আগ্রহী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. শাহাবুদ্দিন, মীর মো. ফারুক, শরিফুল ইসলাম, নারী রোভার স্কাউট লিডার মাসুদা আক্তার, সম্পাদক জুলহাস আহমেদ এবং জেলা রোভার স্কাউট লিডার মো. শামিম আহমেদ।
স্কাউটিংয়ে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের এ কার্যক্রমকে ‘র্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য এটি একটি বাধ্যতামূলক ধাপ। এ ছাড়া অ্যাওয়ার্ড পেতে রোভারদের নৌপথে ৩০০ কিলোমিটার বা সাইকেলে ৫০০ কিলোমিটার ভ্রমণ সম্পন্ন করার সুযোগও আছে।