চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তা হলেন নগরের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম। আজ শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, মাদক মামলার আসামি আলমগীরকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।
এদিকে আহত পুলিশের এসআই মবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক প্রথম আলোকে জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।