‘৭০ লাখ টাকার’ বালু নিলামে ১০ লাখ টাকায় বিক্রির অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের দাঙ্গার বিল এলাকা থেকে জব্দ করা ‘৭০ লাখ টাকা মূল্যের’ প্রায় ৯ লাখ ঘনফুট বালু নিলামে ১০ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের বিরুদ্ধে।
এদিকে ওই বালুর ক্রেতা সাইফুল ইসলাম আদালতে হাজিরা দিতে গেলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আদালত সূত্র জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে বন বিভাগের একটি মামলায় সাইফুল ইসলাম এবং তাঁর সহযোগী মামলার আসামি সাহাব উদ্দিন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী জামিন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাইফুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের ষোলহিচ্ছা এলাকার বাহার উল্লাহর ছেলে। বন বিভাগ ও স্থানীয় লোকজনের অভিযোগ, সাইফুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলনকারীদের একজন। জব্দ করা ৮ লাখ ৯৭ হাজার ৫৮৯ ঘনফুট বালুর মধ্যে তাঁর বালু রয়েছে ৮৪ হাজার ২১২ ঘনফুট। এ ছাড়া সাইফুল অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলার প্রধান আসামি।
বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রংমহল গ্রামের নিকটবর্তী জলাধার, টিলা, কৃষিজমি, সাফারি পার্ক এবং সংরক্ষিত বনভূমি রক্ষার স্বার্থে ইউনিয়নের পাগলীর বিল, ফাঁসিয়াখালী ছড়া বালুমহালকে অবৈধ ঘোষণা করে গত ২৬ এপ্রিল বালু উত্তোলন বন্ধের আদেশ দেন হাইকোর্ট।
গত ১৭ ও ১৮ জুলাই বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের ৬১টি নিষিদ্ধ ড্রেজারসহ ৮ লাখ ৯৭ হাজার ৫৮৯ ঘনফুট বালু জব্দ করে। এ ঘটনায় সাইফুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বন বিভাগ। ওই মামলায় উত্তোলিত বালুর মূল্য দেখানো হয় ৭০ লাখ টাকা।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ২১ সেপ্টেম্বর যৌথ বাহিনীর জব্দ করা ৭০ লাখ টাকার বালু নিলাম দেখিয়ে মাত্র ১০ লাখ টাকায় সাইফুল ইসলামের কাছে বিক্রি করে দেন ইউএনও জেপি দেওয়ান। অথচ জব্দ করা বালু নিলামে বিক্রির সুযোগ নেই।
বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, প্রকাশ্যে নিলামের মাধ্যমে বালু বিক্রির নিয়ম থাকলেও জব্দ করা বালু বিক্রির ক্ষেত্রে সেটা মানা হয়নি। সাইফুলকে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে বালু বিক্রি করা হয়েছে। অথচ বন বিভাগকে নিলামের বিষয়ে কিছু জানানো হয়নি।
সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, রংমহলের দাঙ্গার বিলে বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দেড় বছরে ২৪টি মামলা করা হয়েছে। এর বিপরীতে ৮ লাখ ৯৭ হাজার ৫৯৮ ঘনফুট বালু জব্দ করা হয়।
কারাগারে নেওয়ার আগে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বালুমহাল বন্ধ ঘোষণা করায় বালু জব্দ করেছিল বন বিভাগ। তাঁর বিরুদ্ধে মামলাও দিয়েছিল। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনার আলোকে ১০ লাখ টাকার রাজস্ব পরিশোধ করার পর জব্দ করা বালু তাঁর কাছে বিক্রি করেন ইউএনও।
জানতে চাইলে ইউএনও জেপি দেওয়ান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি জব্দ করা বালু নিলামে বিক্রি করেন। এর মধ্য দিয়ে তিনি হাইকোর্টের আদেশ পালন করেছেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে বালু পেয়েছেন সাইফুল ইসলাম। বালু সরিয়ে নেওয়ার ঘটনায় বনকর্মীদের সঙ্গে ঝামেলা বাধলে সোমবার বিকেলে ঘটনাস্থল গিয়ে তিনি বন বিভাগের জায়গা ও সরকারি খাসজায়গা চিহ্নিত করে দিয়ে আসেন। নিলামের বালু সরকারি জমিতেই রাখা হয়েছে।
তবে বন বিভাগের কর্মীরা বলছেন, সোমবার বিকেলে বন বিভাগের জায়গায় থেকে জব্দ করা বালু সরিয়ে নিতে চাইলে বনকর্মীরা বাধা দেন। এ সময় সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোক বনকর্মীদের ওপর হামলা চালান। পরে স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম ঘটনাস্থল থেকে বনকর্মীদের সরিয়ে নিয়ে যান।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, রংমহল থেকে বালু উত্তোলনের কারণে এলাকা পরিবেশ–প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। হাইকোর্টের আদেশে সম্প্রতি বালু উত্তোলন বন্ধ হয়। জব্দ হয় বিপুল পরিমাণ বালু। এখন নিলামে বালু বিক্রি নিয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসন মুখোমুখি।