মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান আবদুল আউয়াল মিন্টুর

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুছবি: সংগৃহীত

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘স্বাধীনতাসংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলায় ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।

সভায় মিন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধের মতো ২৪–এর জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যাঁরা শহীদ কিংবা আহত হয়েছেন, তাঁদের অবদানও অবিস্মরণীয় হয়ে থাকবে।’

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এলাকার সেচ, কৃষি, খাল খনন, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নের ঢল নামবে। সোনাগাজীর চরাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রয়োগ করা হবে।’

মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার, উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজারের বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম, এ কে এম সলিম উল্যাহ প্রমুখ।

এর আগে আবদুল আউয়াল মিন্টু সোনাগাজী উপজেলা বাজার ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। সবার কাছে মিন্টু ধানের শীষে ভোট প্রার্থনা করেন।