একেকজন উদ্যোক্তাই একটুকরা বাংলাদেশ। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিশ্রম, সততা ও আদর্শ নিয়ে ব্যবসা করলে সাফল্য আসবে। উদ্যোক্তা হতে হলে ঝুঁকি নিতে হবে। ব্যবসা বুঝতে হবে। লক্ষ্য নিয়ে এগোলে উদ্যোক্তারা সফল হবেন। এতে লাভের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কর্মসংস্থান হবে।
কুমিল্লায় আইডিএলসি-প্রথম আলোর যৌথ উদ্যোগে কুমিল্লা আঞ্চলিক উদ্যোক্তা বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। আজ শুক্রবার বিকেল চারটায় কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লায় স্বাস্থ্য খাতের বড় উদ্যোক্তা কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।
বৈঠকে বক্তব্য দেন কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান, তরুণ উদ্যোক্তা মুঠোফোন ও যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান হালিমা টেলিকমের প্রতিষ্ঠাতা এ কে হাসান টগর, আইডিএলসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. মতিউর রহমান। প্রথম আলোর পক্ষে স্বাগত বক্তব্য দেন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানের শুরুতে আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার ২০২১-এর বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সুধীজনের নানা কথার ফাঁকে দেখানো হয় এ বছরের প্রতিযোগিতার ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল)। পরে পুরস্কারের জন্য আবেদনের পদ্ধতি ভিডিওতে দেখানো হয়।
অনুষ্ঠানে কুমিল্লার ১০ জন উদ্যোক্তা তাঁদের কাজ শুরুর গল্প বলেন। তাঁরা কেউ তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান করেছেন। কেউ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। কেউ স্বাস্থ্য, কৃষি, খামার, নারী উদ্যোক্তার কাজ করেছেন। তাঁরা হলেন কুমিল্লার হালিমা টেলিকমের এ কে হাসান টগর, শোপিস ব্যবসায়ী আবদুল্লাহ হিল বাকী, বধূয়া ফুড ভিলেজের স্বত্বাধিকারী ফুয়াদ আহমেদ, খামার ব্যবসায়ী জিয়াউল হক, মো. তাজুল ইসলাম, কৃষি খামারের স্বত্বাধিকারী মোসলেহ উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান এন এম রবিউল আউয়াল চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী আপন তিবরানি, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবীর মাসউদ ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
তরুণ উদ্যোক্তা এ কে হাসান টগর বলেন, ‘মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করি। এখন আমার প্রতিষ্ঠানে হাজারের মতো কর্মী কাজ করেন। ব্যবসায় সফল হতে হলে পরিশ্রম করতে হবে।’
কুমিল্লার সুধীজনের মধ্যে বক্তব্য দেন বেসরকারি সংস্থা পেজের নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর, ইতিহাসবিদ আহসানুল কবীর, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শাহনূর আলম, ফেমাস বিউটি পারলারের শাহীন আক্তার, চাঁদপুর জনতা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক পলাশ কান্তি মজুমদার প্রমুখ।
চলতি বছর দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হবে। আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটের (www.smeaward.com) মাধ্যমে এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। এবার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প খাত ও সেরা নারী উদ্যোক্তা বিষয়ে পুরস্কার দেওয়া হবে। এ জন্য ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নরসিংদী, সিলেট, বরিশাল, যশোর ও বগুড়ায় একই ধরনের আঞ্চলিক বৈঠক হবে।