মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১৫টি বসতঘরে হামলা-ভাঙচুর
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ কারিগর তাঁর লোকজন নিয়ে এ হামলা করেছেন।
অবশ্য অভিযোগের বিষয়ে মাসুদ কারিগর বলেন, ‘আমাদের লোকজন কারও ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়নি। তারা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের নামে দোষ দিচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই।’
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাকদী এলাকার নজরুল মোল্লার সঙ্গে পাশের থানতলী এলাকার মাসুদ কারিগরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল রাতে দেশীয় অস্ত্র এবং লোকজন নিয়ে মাসুদ কারিগর হামলা চালান নজরুল ও তাঁর পক্ষের লোকজনের বাড়িঘরে। এতে ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। লুটপাটও চালানো হয়েছে। পাশে মোহনা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি আরিফুর রহমান মোল্লার বসতঘরেও ভাঙচুর চালানো হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। হামলায় আহত হয়েছেন অন্তত চারজন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নজরুল মোল্লা অভিযোগ করেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই মাসুদ কারিগর তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হঠাৎ এমন হামলা চালাবে, কেউ বুঝে উঠতে পারিনি। পরে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
ভুক্তভোগী পলি বেগম বলেন, ‘আমি অসুস্থ স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ ৮ থেকে ১০ জন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। আমার শরীরে ইটের আঘাত লেগেছে। আমি খুব ভয়ের মধ্যে আছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।