ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারে শ্রমিকদের মানববন্ধন

ঢাকার সাভারে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে গ্রার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। আজ সকালে উপজেলার আশুলিয়ায় বাইপাইলেছবি: প্রথম আলো

ঢাকার সাভারে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’–এর আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের নেতা-কর্মীরা জানান, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে নৈরাজ্য বন্ধসহ যানজট মুক্ত রাখার দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ–সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ হলেও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগের শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা—গার্মেন্টস মালিকদের মধ্যে নিয়মে পরিণত হচ্ছে। এ ছাড়া ঈদের সময় বাস ভাড়ায় নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় খরচ হয়।

ফরিদুল ইসলামের দাবি, ‘এ সময় চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২০ রমজানের আগে বেতন বোনাস পরিশোধ ও এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।’