বোনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জায়গাজমি নিয়ে দ্বন্দ্বের জেরে নিজের বোনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আমেনা বেগম (৩৮)। এ ঘটনায় আমেনার ভাই কালু মিয়াকে (৩৫) আটক করেছে ভৈরব থানার পুলিশ।

পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আমেনা ও কালু ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকার আবদুল গফুর মিয়ার সন্তান। আমেনা তাঁর তিন সন্তান নিয়ে ঘর নির্মাণ করে বাবার বাড়িতে থাকতেন। তাঁর ভাই কালু পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি মাদকাসক্ত। পৈতৃক জায়গাজমি নিয়ে তাঁদের ভাই-বোনের মধ্যে প্রায়ই বিবাদ হতো। গতকাল সন্ধ্যায়ও একই বিষয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঘর থেকে মরিচের গুঁড়া এনে আমেনার চোখে–মুখে ছিটিয়ে দেন কালু। এতে আমেনা মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। তখন পকেটে থাকা ছুরি দিয়ে আমেনার বুকে-পিঠে আঘাত করেন কালু। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে আমেনার মৃত্যু হয়। অন্যদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন কালু। পরে পুলিশ এসে কালুকে থানায় নিয়ে যায়।

কালু ও আমেনার ভাই বাদশা মিয়া বলেন, ‘নানা ইস্যু সামনে এনে কালু পরিবারের সবাইকে যন্ত্রণা দিত। কালুর ছুরিকাঘাতেই আমেনার মৃত্যু হয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, কালুর ছুরিকাঘাতে আমেনার মৃত্যু হয়েছে। আমেনার বুকে–পিঠে ছুরির তিনটি আঘাত আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।