কুমিল্লার লাকসামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান (৭) ও প্রতিবেশী দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় বাসিন্দা সামছুল আলম জানান, গন্ডামারা এলাকার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনে একটি পুকুর রয়েছে। ঘটনার পর ওই মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশু আফরান ও ইয়াছিন পুকুরপাড়ে খেলছিল। খেলতে লেখতে এক পর্যায়ে তারা পুকুরের ঘাটে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। দুপুরে ওই মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দুই শিশুর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজা শেষে দুই শিশুকে দাফন করা হয়েছে।