চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের উঁচু ভবন থেকে পড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উঁচু ভবন থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম রিতা আক্তার। গতকাল শনিবার রাত ১০টার দিকে ইউএসটিসি ক্যাম্পাস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ভবন থেকে তাঁকে কেউ ফেলে দিয়েছে নাকি নিজে লাফ দিয়েছেন, পুলিশ তা নিশ্চিত করে বলতে পারেনি।

নিহত রিতা আক্তার ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানায়। বাবার নাম আজিজুর রহমান। তিনি নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় থাকতেন। ইউএসটিসিতে কী কারণে তিনি এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ থেকে মাথার খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডলও বিকৃত হয়েছে। এক প্রশ্নের উত্তরে ওসি আরিফুর রহমান বলেন, ওই নারীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে নাকি লাফ দিয়েছেন, জানা যায়নি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা নেই। আশপাশের যেসব ক্যামেরা আছে, সেগুলো অস্পষ্ট। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি সেখানে অবস্থিত মেডিকেল কলেজের হাসপাতালে রোগী ছিলেন নাকি দর্শনার্থী, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়।