ভৈরবে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিকুর রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আশিকুর রহমান (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে আশিকুরের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

আশিকুরের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে। তাঁর বাবার নাম গোলাপ মিয়া। পুলিশ ও আশিকুরের পরিবারের ধারণা, আশিকুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিকুর কয়েক বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকায় বসবাস করে আসছেন। তিনি অন্তত ২০ বছর ধরে ডকইয়ার্ড ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ভৈরবের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আশিকুরের বাবা অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। বাবার চিকিৎসার প্রয়োজনে আশিকুর ঢাকায় ছিলেন। গতকাল শনিবার বিকেলে তিনি ভৈরবে ফিরে আসেন। বাসায় কিছুক্ষণ অবস্থান করে তিনি কিশোরগঞ্জের নিকলী যাওয়ার কথা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

পরে রাত নয়টার দিকে স্থানীয় লোকজন বিসিক শিল্পনগরী এলাকায় সড়কের পাশে আশিকুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, আশিকুর অচেতন অবস্থায় পড়ে আছেন। পাশেই আশিকুরের মোটরসাইকেলটি দাঁড় করানো ছিল। পরে আশিকুরকে উদ্ধার করে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মরদেহ ঘিরে আশিকুরের পরিবারের সদস্যরা মাতম করছেন। এ সময় আশিকুরের স্ত্রী স্বর্ণা বেগম বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্বামীর সঙ্গে সর্বশেষ তাঁর মুঠোফোনে কথা হয়েছে। সাতটার পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। স্বর্ণা দাবি করেন, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। এদিকে রাতেই কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, আশিকুরের গলার দুই পাশে দুটি দাগ পাওয়া গেছে। এ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। সবকিছু দেখে মনে হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়।