তুমব্রু সীমান্তের আরও পাঁচ শতাধিক রোহিঙ্গাকে উখিয়ায় আনা হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকা থেকে রোহিঙ্গাদের উখিয়ায় আনা হচ্ছে
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের শূন্যরেখা থেকে ষষ্ঠ ধাপে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ট্রানজিট কেন্দ্রে আনা হচ্ছে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১টা পর্যন্ত ট্রানজিট কেন্দ্রে আনা হয়েছে প্রায় ৫০ পরিবারের ২৮০ জনকে। বিকেল ৫টা পর্যন্ত ১০৩ পরিবারের ৫৯২ জন রোহিঙ্গাকে ট্রানজিট কেন্দ্রে সরিয়ে আনার কথা রয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মদ সামসু-দ্দৌজা প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তুমব্রু সীমান্ত থেকে যানবাহনে করে শূন্যরেখার রোহিঙ্গাদের চার কিলোমিটার দূরের উখিয়ার বালুখালীর ট্রানজিট কেন্দ্রে আনা হচ্ছে। কেন্দ্রে রোহিঙ্গাদের নিবন্ধন কার্ড যাছাই-বাছাই শেষে উখিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গতকাল রোববার পঞ্চম ধাপে ১০১ পরিবারের ৫৪৩ জন রোহিঙ্গাকে তুমব্রু থেকে উখিয়ার ট্রানজিট কেন্দ্রে পাঠানো হয়েছিল। ষষ্ঠ ধাপে আজ বিকেল ৫টার মধ্যে ১০৩ পরিবারের ৫৯২ জন রোহিঙ্গাকে ট্রানজিট কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া আছে।

আরও পড়ুন

আগের পাঁচ ধাপে তুমব্রু থেকে ২৯১ পরিবারের ১ হাজার ৭৫৩ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ঘুমধুম ইউপি কার্যালয়ের তথ্য মতে, গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রথম ধাপে স্থানান্তর হয়েছিল ৩৬ পরিবারের ১৮৪ জনকে। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৩ পরিবারের ২৭৩ জন, ৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ৫১ পরিবারে ২৭২ জন, ৯ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫০ পরিবারে ৪৮১ জন এবং ১২ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ১০১ পরিবারে ৫৪৩ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তুমব্রুতে অবস্থান করছেন শূন্যরেখার আরও ২৬৭ পরিবারের ১ হাজার ২১৭ জন রোহিঙ্গা।

আরও পড়ুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত শূন্যরেখার এই রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে থাকবেন জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ধাপে ধাপে তুমব্রু সীমান্তে অবস্থানরত সব রোহিঙ্গাকে ট্রানজিট কেন্দ্রে সরিয়ে আনা হবে। তুমব্রুতে কোনো রোহিঙ্গা আশ্রয়শিবির রাখা হবে না।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, গত ১৮ জানুয়ারি শূন্যরেখা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে মিয়ানমারের আরেকটি সশস্ত্রগোষ্টী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন রোহিঙ্গা নিহত ও দুই শিশু আহত হয়। এ ঘটনার পর শূন্যরেখার আশ্রয়শিবিরে ৬৩০টির বেশি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এরপর ৪ হাজার ৩০০ রোহিঙ্গা গৃহহীন হয়ে বাংলাদেশ ভূখণ্ডে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়।

আরও পড়ুন