মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের দৃশ্য ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় শিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জিল্লুরকে নিয়ে কাল শনিবার সকাল নাগাদ তাঁরা হাতিয়ায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা টিকটকে ছেড়ে দেওয়ার ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।

আরও পড়ুন

৯ ফেব্রুয়ারি উপজেলার বুড়িরচর ইউনিয়নে নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (৪০) ও তাঁর কিশোরী মেয়ে (১৬) ওই ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর কিশোরীকে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আরও তিন দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরে ওই কিশোরী।

কিশোরীর বাবা অভিযোগ করেন, ৯ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে জিল্লুর, তাঁর চাচা নবীরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে রশি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। নির্যাতনের ঘটনার দিনই তিনি নবীর উদ্দিনসহ চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে থাকা অবস্থায় আসামিরা আদালত থেকে আগাম জামিন নেন। এদিকে নির্যাতনের সময় জিল্লুর তাঁর মুঠোফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে রাখেন। গত মঙ্গলবার তাঁর মেয়ে ও স্ত্রীকে চোর অপবাদ দিয়ে ভিডিওটি টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওর বিষয়টি জানার পর গতকাল তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। পরে ইউএনও এ ঘটনায় ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।