পাবনার ঈশ্বরদীতে ঋণসংক্রান্ত মামলায় ৩৭ কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ১২ কৃষক গ্রেপ্তারের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো ভুল পায়নি বাংলাদেশ সমবায় ব্যাংকের গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে ঘটনার জন্য কৃষকদের দায়ী করা হয়েছে। ফলে ঋণ পরিশোধ করেই কৃষকদের মামলা থেকে মুক্তি পেতে হবে।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গত বুধবার তদন্ত কমিটি ব্যাংকের মহাব্যবস্থাপকের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটির প্রধান ও বাংলাদেশ সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক (পরিদর্শন ও আইন) মো. আহসানুল গণি আজ শুক্রবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সব দিক বিবেচনা করেই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে উল্লেখ করে আহসানুল গণি বলেন, কৃষকেরা ঋণ পরিশোধের যে কথা গণমাধ্যমে বলেছেন, তা সঠিক নয়। প্রত্যেক কৃষক ৪০ হাজার টাকা করে সমিতির মাধ্যমে ঋণ নেন। ভাড়ইমারি উত্তরপাড়া সবজিচাষি সমবায় সমিতির ৪০ কৃষককে মোট ১৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়। নির্ধারিত সময়ে ঋণ ও সুদের টাকা পরিশোধ না করায় ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলা হয়। তিনজন কৃষক টাকা পরিশোধ করায় তাঁদের বিরুদ্ধে মামলায় হয়নি। এখানে ব্যাংকের কোনো ভুল নেই।
আমরা তো জানতেম না মামলা হবি। ইয়ের জন্যি জেল খাটা লাগবি। ইতা জানলিতো সব বাদ দিয়ে আগে ওই কাগজ বাঁচাতেম।
ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামে ‘ভাড়ইমারি উত্তরপাড়া সবজিচাষি সমবায় সমিতি’ নামে কৃষকদের একটি সমিতি রয়েছে। এই কৃষকেরা বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। কৃষকদের দাবি, তাঁরা এই ঋণের ১৩ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু পরবর্তীতে সমবায় ব্যাংক আরও ১৩ লাখ টাকা পাওনা দাবি করে এবং ঋণের শর্তভঙ্গের দায়ে প্রতারণার মামলা করে। মামলায় আদালত ৩৭ কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর পুলিশ ১২ জন কৃষককে গ্রেপ্তার করে গত ২৫ নভেম্বর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। ২৭ নভেম্ববর গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ কৃষক জামিনে মুক্তি পান। পরে ঘটনা তদন্তে সমবায় ব্যাংক তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রধান আহসানুল গণি বলেন, তদন্ত কমিটির কাছে কৃষকেরা ঋণের নির্ধারিত পরিমান টাকা পাননি বলে জানিয়েছেন। তাঁরা এর জন্য সমিতির নেতাদের দোষারোপ করেছেন। কিন্তু নিজেদের পক্ষে যৌক্তিক কোনো প্রমাণ দিতে পারেননি। ফলে ঋণের টাকা পরিশোধের পরেই তাঁরা মামলা থেকে মুক্তি পাবেন।
এদিকে ব্যাংকের এই তদন্ত প্রতিবেদনের কথা শুনে হতাশা প্রকাশ করেছেন সেই কৃষকেরা। প্রতারণার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন তাঁরা। কৃষকদের দাবি, তাঁরা অধিকাংশ ভাঙাচোরা টিনের ঘরে বাস করেন। তাঁদের ঘরে কাগজ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। কেউ চালের হাঁড়িতে, কেউ কৌটায়, কেউ বা টিনের চালায় কাগজ রেখেছিলেন। দীর্ঘদিন হয়ে যাওয়ায় সেগুলো কোথায় গেছে, এখন আর খুঁজে পাচ্ছেন না।
মহির উদ্দিন প্রামাণিক নামে এক কৃষক বলেন, ২০১৬ সালে তাঁরা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে কতকিছু ঘটে গেছে। অনেকে নতুন বাড়ি বনিয়েছেন। কেউ নতুন ঘর তুলেছেন। ঋণ পরিশোধের ওই কাগজের কথা তাঁদের মাথাতেই ছিল না। কৃষক রাজ্জাক প্রামাণিক বলেন, ‘আমরা তো জানতেম না মামলা হবি। ইয়ের জন্যি জেল খাটা লাগবি। ইতা জানলিতো সব বাদ দিয়ে আগে ওই কাগজ বাঁচাতেম।’
কৃষক রজব আলী বলেন, ‘আমি লেহাপড়া জানিনে। কনে কী সই করে নিছে, বুঝি নেই। টেকা নিছিলেম ৩০ হাজার। দিছি ৩৪ হাজার। তাও আসামি হইছি।’
যোগাযোগ করা হলে বাংলাদেশ সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ঝর্ণা প্রভা দেবী বলেন, সমবায় ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা যুক্ত থাকেন। সম্পূর্ণ নিয়ম মেনেই এসব ঋণ দেওয়া হয়। এই ঋণের ক্ষেত্রেও নিয়ম মেনেই সব হয়েছে। মাঠপর্যায়ে কোনো কর্মকর্তার অনিয়মের কোনো তথ্য মেলেনি। তাঁরা প্রতিবেদন পর্যালোচনা করছেন। নিয়ম অনুযায়ী প্রতিবেদন বিভিন্ন দপ্তরে পাঠানো হবে।
ভাড়ইমারি উত্তরপাড়া সবজিচাষি সমবায় সমিতির সভাপতি বিলকিস নাহার বলেন, ‘আমরা কৃষকেরা একটু লাভের জন্যই ঋণ নিয়েছিলাম। জটিলতা বুঝিনি। আমরা ব্যাংকের কাছে ঋণের সুদ মওকুফের ও মামলা প্রত্যাহারের আবেদন করেছি। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ সদয় দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।’