মেহেদিরাঙা হাতে ক্যানুলা: সোনিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়ার শয্যার পাশে বান্ধবী ও ছোট বোন। সোমবার সকালে চুয়াডাঙ্গা শহরের ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে
ছবি: শাহ আলম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী সোনিয়া খাতুনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা শহরের ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে এ অস্ত্রোপচার করেন অর্থোপেডিক সার্জন আলাউদ্দিন আল আজাদ। কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গোলাম মুর্শিদ ডালিম তাঁকে সহযোগিতা করেন।

ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচারকালে কুষ্টিয়া থেকে আসা একটি কারিগরি দল ইন্টারলক (ভাঙা হাড়ের সঙ্গে বিশেষ ধরনের রড সংযোজন) বিষয়ে সহযোগিতা করে।

গত শনিবার প্রথম আলো অনলাইনে ‘টাকার অভাবে অস্ত্রোপচার হয়নি সোনিয়ার, শামীমের বাড়িতে শোকের মাতম’ এবং গতকাল ছাপা পত্রিকায়  ‘টাকার অভাবে অস্ত্রোপচার হয়নি সোনিয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাড়া পড়ে যায়। এর পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোনিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন। একটি শিল্প গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি কিশোরী সোনিয়ার চিকিৎসার পুরো ব্যয় বহন করতে আগ্রহ প্রকাশ করেন।আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির অর্থায়নে সোনিয়ার অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা চলছে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার হিজলগাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোনিয়ার স্বামী শামীম হোসেন (২২) মারা যান। ওই মোটরসাইকেলে থাকা সোনিয়া গুরুতর আহত হন। সোনিয়া হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নিহত শামীম বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের নওদাপাড়ার মৃত শফিউদ্দিনের ছেলে। সোনিয়া বর্তমানে চুয়াডাঙ্গা শহরের ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে সোনিয়াকে হাসপাতালের একটি কেবিনের শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। গ্রাম থেকে সকালেই তাঁকে দেখতে এসেছে ঘনিষ্ঠ বান্ধবী মিলি খাতুন, ছোট বোন ফাতেমা খাতুন ও মামাতো বোন খাদিজা খাতুন। মিলি খাতুন বলে, সোনিয়ার পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি ও গানের ভালো গলা ছিল। খেলাধুলায় ছিল বেশ পারদর্শী। তার এ দুর্ঘটনায় সহপাঠীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভীষণ মর্মাহত।

সোনিয়ার মামা খায়রুল ইসলাম বলেন, স্বামী শামীম হোসেন মারা যাওয়ার চার দিন পেরিয়ে গেলেও খবরটি এখনো জানে না সোনিয়া। চিকিৎসকের পরামর্শে তাকে বিষয়টি জানানো হয়নি। গতকাল রাতে যখন অপারেশন থিয়েটারে ঢোকানো হয়, সে সময় বারবার শামীমকে একনজর দেখার জন্য আকুতি জানাচ্ছিল। সোনিয়া বলছিল, অন্তত মুঠোফোনে একনজর চেহারাটা দেখানো হোক। নানাভাবে তাকে বুঝিয়ে শান্ত করা হয়।

অস্ত্রোপচার–পরবর্তী চিকিৎসা এবং ওষুধের খরচ সোনিয়ার মা চম্পা খাতুনকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। তবে বেসরকারি হাসপাতালটির চেয়ারম্যান রফিকুল ইসলাম এসব বিষয়ে সার্বিক সহযোগিতার করবেন বলে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন