আওয়ামী লীগ লঙ্গরখানা ও কম্বল চোরের দল: জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ আত্মগোপন ও পলায়নের দল। লঙ্গরখানা ও কম্বল চোরের দল। দেশের ১৭ লাখ কোটি টাকা লুণ্ঠনকারী দল আওয়ামী লীগ। তারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। মায়ের পেটের বাচ্চাকে হত্যা করেছে।
আজ রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ অধ্যাপক মো. শাহজাহান। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।
জাহিদ হোসেন বলেন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি, তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিএনপি ছিল না। তখন সিপাহি জনতার ভালোবাসায় সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল দেশের জনগণ। এরপর মাত্র সাড়ে চার বছরের মধ্যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপ দিয়েছিলেন মেজর জিয়া। দেশের মানুষকে উন্নত জীবনের নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতা পদক, একুশে পদকসহ সব ধরনের পদক প্রবর্তন করেছিলেন তিনি। সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মেজর জিয়ার। তিনি ছিলেন আধুনিক কৃষির জনক। তারপর খালেদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার উন্নয়ন করেছেন। যুবকদের উন্নয়ন, ’৭৫–এর কালাকানুন বাতিলসহ দেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন খালেদা জিয়া।