বরিশালে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে হত্যার অভিযোগে আরেক নেতা গ্রেপ্তার
বরিশালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লিটন সিকদার ওরফে লিটু (৪২) নামের স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াজ মাহমুদ খান ওরফে মিল্টন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে নগরের কাউনিয়ার বাগানবাড়ি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বরিশাল নগর ডিবির পরিদর্শক সগির হোসেন, গ্রেপ্তারের পর রিয়াজ মাহমুদকে বরিশাল নগরের বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লিটন সিকদার হত্যা মামলার ৫ নম্বর আসামি।
৩১ জুলাই রাতে বরিশাল নগরের উপকণ্ঠে কাশিপুরের পূর্ব বিল্ববাড়ি এলাকায় লিটন সিকদারের বাড়িতে দেড় শ থেকে দুই শ লোক হামলা চালান। এ সময় লিটন ও পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করা হয়। বাড়িতে আগুন দেওয়া হয়। নিহত হন লিটন সিকদার। আহত হন তাঁর মা, ভাই ও বোন।
এ ঘটনায় লিটন সিকদারের বোন মুন্নি বেগম ১ আগস্ট বরিশাল নগরের বিমান বন্দর থানায় হত্যা মামলা করেন। এতে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, লিটন সিকদার হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।