জয়পুরহাট-বগুড়া সড়ক
এক কিলোমিটারে ইট বিছানো, ভোগান্তি
কোমরগ্রাম-হিচমি পর্যন্ত এক কিলোমিটারে পুরোনো কার্পেটিং তুলে ইট বিছানো হয়েছিল।
ঠিকাদার নিয়োগ হলেও জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের ক্ষেতলালের মাটিরঘর থেকে জয়পুরহাট শহরের রেলগেট পর্যন্ত ১০ কিলোমিটারে সংস্কারকাজ সম্পন্ন হয়নি। এর মধ্যে কোমরগ্রাম-হিচমি পর্যন্ত এক কিলোমিটারে পুরোনো কার্পেটিং তুলে ইট বিছানো হয়েছিল। ওই এক কিলোমিটার সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে যা এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলালের মাটিরঘর থেকে জয়পুরহাট শহরের রেলগেট পর্যন্ত ১০ কিলোমিটার অংশের ১৮-২৪ ফুট প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হয়। ৪৯ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দের এ কাজটি পায় নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের ২৭ জুন কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। সড়কটির মাটিরঘর থেকে বানিয়াপাড়া পর্যন্ত মাত্র তিন কিলোমিটার অংশ প্রশস্ত ও আংশিক কার্পেটিং করে তারা। একই সঙ্গে কোমরগ্রাম থেকে হিচমি পর্যন্ত সড়কটির এক কিলোমিটার সড়কের পুরোনো কার্পেটিং তুলে সড়ক আলগা করে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ ফেলে রেখে চলে যায়। এ অবস্থায় ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করে চুক্তি বাতিল করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগ আলগা করা এক কিলোমিটার সড়কে ইট বিছিয়ে চলাচল উপযোগী করে।
পরে অসমাপ্ত কাজের জন্য আবার দরপত্র আহ্বান করা হয়। রিলায়েবল বিল্ডার্স ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড (জেভি) কাজটি পায়। এ কাজে মোট ৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২২ সালের জুলাই মাসের ২০ তারিখে তাদের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী চলতি জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজই শুরু হয়নি। ২০২৪ সালের জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে।
গত বুধবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ ও জেলার চার লেন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সড়কের অসমাপ্ত কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সড়কের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। পর্যালোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। কোমরগ্রাম-হিচমি পর্যন্ত এক কিলোমিটার সড়কে যেনতেনভাবে ইট বিছিয়ে রাখা হয়েছে। ভারী যানবাহন চলাচল করায় সড়কের কোথাও ইট ভেঙেছে, আবার কোথাও ইট দেবে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে।
কোমরগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হক বলেন, সড়কটির পাশেই কোমরগ্রাম উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়—কখন ভাঙা সড়কে এলোমেলো যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, প্রতিদিন এই পথে স্কুলে যাতায়াত করতে হয়। কিন্তু হিচমি থেকে কোমরগ্রাম পর্যন্ত ভাঙা সড়কের কারণে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে অটোরিকশায় যাতায়াত করতে হয়। এতে অর্থ ও সময় দুটিই ব্যয় হয়। ছোট যানবাহন এ পথে যেতে চায় না।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী সাজ্জাদ কাদির খান বলেন, ‘জয়পুরহাট শহরের আড়াই কিলোমিটার অংশে নালা নির্মাণের কাজ চলমান থাকায় সময়মতো কাজটি শুরু করা যায়নি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি শুরু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, বর্ষা শুরুর আগেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।’
নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ বিভিন্ন কারণে বিলম্ব হচ্ছে। কাজটি শেষ করার নির্ধারিত মেয়াদ শেষ হলেও সময় বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ২০২৪ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে।