সড়কে জট, মশার উপদ্রব

৩ নম্বর ওয়ার্ডে ছিনতাইকারীদের উৎপাত বেশি। রাস্তা ভাঙাচোরা। ৪ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারি এলাকার মজুমদারি দিঘিতে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। গতকাল তোলা ছবি
ছবি: প্রথম আলো

সরু গলি, সড়কে একটু পরপর বাঁক, রাস্তাঘাট ভাঙাচোরা। আছে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। অনেক স্থানের সড়কবাতি বিকল। সড়কগুলোতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এসব সমস্যার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মানুষ।

কেওয়াপাড়া, কাজলশাহ ও মুন্সিপাড়া এলাকা নিয়ে গড়ে উঠেছে ৩ নম্বর ওয়ার্ড। মুন্সিপাড়া এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি। এলাকার গলিগুলো অনেক সরু। সড়কে অতিরিক্ত বাঁকও আছে। এ ছাড়া ওয়ার্ডজুড়ে তীব্র যানজট আর মশার উৎপাত রয়েছে।

গত সোমবার রাতে সরেজমিনে দেখা গেছে, মুন্সিপাড়া এলাকার সড়কে অসংখ্য বাঁক থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন প্রায় সময়ই দেখা সম্ভব হচ্ছে না। মুন্সিপাড়া ও কেওয়াপাড়া এলাকার সড়কের কিছু অংশ ভাঙাচোরা।

মুন্সিপাড়া এলাকার নানা সমস্যার বিষয়ে একই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অথচ কোনো সিসিটিভি ক্যামেরা নেই। সরু রাস্তা হওয়ায় যানজট লেগেই থাকে। জলাবদ্ধতা আর মশার উপদ্রবও স্থানীয় লোকজনকে ভোগাচ্ছে। ড্রেনেজ–ব্যবস্থা ভালো না হওয়ার কারণেই সামান্য বৃষ্টিতে এলাকায় পানি জমে যায়। তিনি আরও বলেন, তাঁরা বাসার সামনের সড়কে ২০-২৫টি বাতি আছে। এর মধ্যে ৮-১০টি প্রায়ই বিকল থাকে।

যানজট, মশার উপদ্রবসহ নানা সমস্যার বিষয়ে কথা বলার জন্য ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলে প্রথমে ধরেননি। পরে দুই দফা সাড়া দিলেও তিনি ব্যস্ত আছেন জানিয়ে বলেন, ‘পরে কথা হবে।’

৪ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব বড় সমস্যা

সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকাগুলো হচ্ছে আম্বরখানা (আংশিক), দত্তপাড়া, হাউজিং এস্টেট, লিচুবাগান ও মজুমদারি। এ ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকাটি তুলনামূলকভাবে নগরের অন্যান্য এলাকার চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানকার রাস্তাঘাটও বেশ প্রশস্ত। তবে ওয়ার্ডের মজুমদারি এলাকা কিছুটা অপরিচ্ছন্ন।

গত সোমবার রাত ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, মজুমদারি এলাকার সড়কের মধ্যে বিভিন্ন অংশে বাসা ও সড়ক নির্মাণের সামগ্রী বালু, পাথর স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া মজুমদারি দিঘিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। 

লিচুবাগান এলাকার একজন গৃহিণী বলেন, দিনরাত সমানতালে মশা কামড়ায়।দিনের বেলাও মশারি টানাতে হয় অনেক সময়।

এসব বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, অন্য যেকোনো ওয়ার্ডের চেয়ে আমাদের ওয়ার্ডটি খুবই পরিচ্ছন্ন। এখানে রাস্তাঘাট ও নালা প্রশস্তকরণ থেকে শুরু করে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। মজুমদারি দিঘিটি পানিসহ আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।