জেলা আইনশৃঙ্খলা কমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, চোরাচালান মনিটরিং কমিটির মতো ১০টি কমিটির সভা একসঙ্গে করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়।
এসব কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট ১০টি কমিটির সভা পৃথকভাবে হওয়ার কথা ছিল। এ জন্য সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সূচি নির্ধারিত ছিল। সে অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির সদস্যদের চিঠি দেওয়া হয়েছিল। একসঙ্গে সভা হলেও প্রতিটি কমিটির সভার আলাদা রেজল্যুশন তৈরির জন্য আলাদাভাবে সদস্যদের স্বাক্ষর নেওয়া হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।
আড়াই ঘণ্টায় ১০টি কমিটির সভার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, চিঠিতে প্রতিটি কমিটির সভার বিষয়ে পৃথকভাবে সময় উল্লেখ করা হলেও একই সঙ্গে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। মুক্ত আলোচনায় প্রতিটি কমিটির সদস্যরা তাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরেছেন। একই সঙ্গে হলেও প্রতিটি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সোমবার জাতীয় শোক দিবসের প্রস্তুতির বিষয়ে সদস্যদের নানা কর্মসূচি থাকায় নির্ধারিত সময়ের আগেই সভা শেষ করা হয়েছে।
একজন ব্যক্তি একাধিক কমিটির সদস্য হওয়ায় এবং বারবার সদস্যদের ডেকে আনার বিষয়টি বিবেচনা করেই হয়তো একই সঙ্গে সভা সম্পন্ন করা হয়। তবে এর আগের সভাগুলো দুপুর ১২টার মধ্যে শেষ হলেও আজ (রোববার) সংসদ সদস্য মজাহারুল হক উপস্থিত থাকায় কিছুটা দেরিতে শেষ হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুনশিয়ানা শাখার সহকারী কমিশনার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে রোববারের এই সভার আহ্বান করা হয়। চিঠিতে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ১০টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়। সভাগুলোর কোনোটির সময় ১৫ মিনিট, কোনোটির ৩০ মিনিট ও কোনোটির সময় ৪৫ মিনিট নির্ধারণ করা হয়। চিঠি অনুযায়ী, সকাল ১০টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, ১০টা ৩০ মিনিটে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, বেলা ১১টায় জেলা চোরাচালান মনিটরিং কমিটির সভা, বেলা ১১টা ১৫ মিনিটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা, দুপুর ১২টায় যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত মিট দ্য পিপল সেশন, ১২টা ৪৫ মিনিটে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতসংক্রান্ত সভা, ১টা ৩০ মিনিটে আদালত সহায়তা কমিটির সভা, ১টা ৪৫ মিনিটে আইনশৃঙ্খলাসংক্রান্ত জেলা কোর কমিটির সভা, ২টায় জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটির সভা, ২টা ৩০ মিনিটে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির ব্যানারে সভা শুরু হয়। শুরুতে জেলা প্রশাসক গত এক মাসে জেলার পাঁচটি থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার সংখ্যা ও তার অগ্রগতি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযান, পুলিশের উদ্ধার, বিজিবির উদ্ধার, গত মাসের সভার সিদ্ধান্ত ও তার অগ্রগতিসহ জেলার সার্বিক পরিস্থিতির ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন। পরে কমিটির সদস্যদের মধ্যে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়। তখন প্রতিটি কমিটির সদস্য তাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বক্তব্য তুলে ধরেন। শেষে সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের বক্তব্যের পর জেলা প্রশাসক জহুরুল ইসলাম সমাপনী বক্তব্য দিয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ একটি কমিটির সদস্য, আবার কেউ কেউ একাধিক কমিটির সদস্য বলে জানা গেছে।
এদিকে সভা চলাকালে প্রতিটি কমিটির সদস্যদের কাছ থেকে রেজল্যুশন তৈরির জন্য পৃথক পৃথকভাবে স্বাক্ষর গ্রহণ করা হয়। সদস্যদের করা স্বাক্ষরশিট অনুযায়ী, জেলা আইনশৃঙ্খলা কমিটির ৫২ জন সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ৩৯ জন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির ৩৩ সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ২৪ জন। ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির ১৫ সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ১১ জন। আদালত সহায়তা কমিটির ৯ সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ৭ জন। যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত মিট দ্য পিপল সেশন কমিটির ৪০ সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ১৯ জন। চোরাচালান মনিটরিং কমিটির ১৩ সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ১০ জন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ৩৫ জন সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ২১ জন। আইনশৃঙ্খলা রিভিউ কমিটির ৬ জন সদস্যের মধ্যে স্বাক্ষর করেছেন ৬ জন।
জুডিশিয়াল মুনশিয়ানা শাখার সহকারী কমিশনার ফরহাদ আহমেদ বলেন, চিঠিতে উল্লিখিত কমিটির সভাগুলোর মধ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত জেলা কোর কমিটির সভা গত শনিবার এবং রোববার সকাল ৯টার দিকে জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর নিজস্ব কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আবু সালেক বলেন, মূলত চিঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সঙ্গে অন্যান্য কমিটির সভার কথা পৃথকভাবে উল্লেখ করা থাকলেও পুরো সভাটি একই সঙ্গে অনুষ্ঠিত হয়। তবে রেজল্যুশন তৈরির জন্য যাঁরা যে কমিটির সদস্য সেখানে স্বাক্ষর করেন। এটি দীর্ঘদিন আগে থেকেই হয়ে আসছে। একজন ব্যক্তি একাধিক কমিটির সদস্য হওয়ায় এবং বারবার সদস্যদের ডেকে আনার বিষয়টি বিবেচনা করেই হয়তো একই সঙ্গে সভা সম্পন্ন করা হয়। তবে এর আগের সভাগুলো দুপুর ১২টার মধ্যে শেষ হলেও আজ (রোববার) সংসদ সদস্য মজাহারুল হক উপস্থিত থাকায় কিছুটা দেরিতে শেষ হয়েছে।