মতলব দক্ষিণে রোগীদের মধ্যে রান্না করা সেমাই ও খাবার বিতরণ করলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগীদের মাঝে রান্না করা সেমাই ও খাবার বিতরণ করেন শিক্ষার্থীরা। আজ সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: সংগৃহীত

ঈদে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের ভুলে যায়নি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি। চাঁদপুরের মতলব দক্ষিণে চারটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিজেদের রান্না করা সেমাই ও অন্যান্য খাবার বিতরণ করেছেন সংগঠনটির কর্মীরা। আজ শনিবার সকাল ১০টায় ও দুপুরে দুই দফায় হাসপাতালে গিয়ে তাঁরা ওই খাবার বিতরণ করেন।

ওই সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, ঈদুল ফিতরের নামাজ শেষে সকাল ১০টায় তাঁদের সংগঠনের কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ট্রমা কেয়ার স্পেশালাইজড হসপিটাল, সাকিব হাসপাতাল ও মতলব সেন্ট্রাল হাসপাতালে যান। এরপর সেখানে চিকিৎসাধীন শতাধিক রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিজেদের রান্না করা ঈদের সেমাই ও নুডলস বিতরণ করেন। অসুস্থ রোগীদের ওই সেমাই ও নুডলস খাইয়েও দেন তাঁরা। এরপর দুপুরে এসব হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে খিচুড়ির প্যাকেট বিতরণ করেন। এই বিতরণকাজে তদারক করেন তিনিসহ তাঁর সংগঠনের সভাপতি সানজিদ মজুমদার, সহসভাপতি আল আমিন, সাখাওয়াত বাবু ও লিখন ঘোষ, তথ্য সম্পাদক নাহিদ আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল খান, অর্থ সম্পাদক আবদুল মতিনসহ বেশ কয়েকজন কর্মী।

সংগঠনটির সভাপতি সানজিদ মজুমদার বলেন, তাঁদের সংগঠনের প্রায় সবাই শিক্ষার্থী। নিজেদের পকেটখরচ বাঁচিয়ে ওই টাকায় সেমাই ও অন্যান্য খাদ্যদ্রব্য কিনে সেগুলো রান্না করে হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে বিতরণ করেন। চিকিৎসাধীন থাকায় হাসপাতালের রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনেরা ঈদ করতে বাড়ি যেতে পারেননি। তাঁদের কথা ভেবে নিজেদের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেন তাঁরা।

উপজেলার নওগাঁও গ্রামের গৃহবধূ সুমাইয়া আক্তার বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য গতকাল শুক্রবার বেসরকারি ট্রমা কেয়ার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এ জন্য আজ ঈদের দিন বাড়ি যেতে পারেননি। তাঁর সঙ্গে কয়েকজন স্বজনও রয়েছেন। সংগঠনের লোকজন সকাল ও দুপুরে সেমাই ও অন্যান্য খাবার দিয়েছেন। ওই খাবার খেয়ে হাসপাতালেই ঈদ করেছেন। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ তিনি।