মহাসড়কের পাশে চড়ুই দলের কিচিরমিচির, মুগ্ধ যাত্রী-দর্শনার্থীরা
পাখির কিচিরমিচির শব্দে মুখর পুরো এলাকা। একটি গাছেই শত শত চড়ুই পাখির জমায়েত। পাখির এমন আনন্দময় উপস্থিতির দেখা মেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক–সংলগ্ন ‘হানিফ হাইওয়ে ভিলা’ নামের একটি রেস্তোরাঁর সামনে।
মহাসড়কটিতে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে সেখানে যাত্রাবিরতি করা হয়। এ সময় যাত্রীরা পাখির এমন সমাহার দেখে মুগ্ধ না হয়ে যেন পারেন না। অনেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কেউ কেউ মুঠোফোনে ধারণ করেন এই দৃশ্য।
সম্প্রতি দেখা যায়, রেস্তোরাঁটির পাশের বিদ্যুতের খুঁটি ও তারে বসেছে পাখির ঝাঁক। দল বেঁধে পাখিগুলো উড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে সেখানে। এই দৃশ্য দেখে অনেক দর্শনার্থী সেখানে থমকে দাঁড়াচ্ছেন। কেউ কেউ শিশুদের নিয়ে উপভোগ করছিলেন বিষয়টি।
ঢাকা থেকে বগুড়াগামী একটি যানবাহনের যাত্রী জ্যোতি বলেন, ‘মনোমুগ্ধকর এ দৃশ্য মুঠোফোনে ধারণ করলাম। হাইওয়ের পাশে পাখিদের এমন বিচরণ সত্যি সুন্দর।’
দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে গন্তব্যের দিকে যাওয়ার পথে যাত্রাবিরতিতে এ রেস্তোরাঁয় আসেন এক ব্যক্তি। তিনি পাখিদের এমন কলকাকলি দেখে থেমে যান। একপর্যায়ে নিজের মুঠোফোন বের করে পাখিদের ছবি আর ভিডিও ধারণ করতে থাকেন।
শুধু যাত্রী কিংবা দর্শনার্থী নয়, পাখিদের দেখতে সেখানে আসেন স্থানীয় বাসিন্দারাও। এমনটিই জানালেন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক। তিনি বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশের অনেকেই পাখিদের দেখতে এখানে আসেন।
এলাকাটিকে পাখিদের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান রেস্তোরাঁটির শিফট ম্যানেজার হায়দার আলম। তিনি আরও বলেন, এটি সেভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়। কেউ যেন পাখিদের উত্ত্যক্ত করতে না পারে, এ জন্য নজর রাখা হয়। সবার সহযোগিতায় এটি পাখিদের জন্য একটি সুন্দর পরিবেশ হয়ে থাকবে।