গাইবান্ধায় চিনিবোঝাই ট্রাক পুকুরে পড়ে চালক নিহত
গাইবান্ধা সদর উপজেলায় চিনিবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের সদর উপজেলার জুগিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম আল আমিন (৪৫)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে ঢাকা থেকে চিনিবোঝাই ট্রাকটি গাইবান্ধা শহরের এক ব্যবসায়ীর দোকানের উদ্দেশে রওনা দেয়। রাত ১২টার দিকে ট্রাকটি গোবিন্দগঞ্জ-নাকাইহাট-গাইবান্ধা সড়কের সদর উপজেলার জুগিপাড়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। তবে ট্রাকে থাকা চালকের সহকারী মাহাবুর রহমানকে আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত ট্রাকচালক আল আমিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।