জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধর, গভীর রাতে ঢাকায় গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাসের চালককে মারধরের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাস থেকে একদল শিক্ষার্থী ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত চারটার দিকে ঢাকার আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশন নামের একটি ফিলিং স্টেশনে তাঁরা বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসে আজ মঙ্গলবার ভোরে তাঁরা ক্যাম্পাসে ফেরেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে বঙ্গবাজার থেকে ক্যাম্পাসের উদ্দেশে ফিরছিল বাসটি। আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা চালকেরা বিশৃঙ্খলভাবে দাঁড়ানো ছিলেন। এতে বাসটি যানজটে আটকে থাকে। বাসচালক সাগর হোসেন বাস থেকে নেমে এক মোটরসাইকেলচালকের সঙ্গে কথা বলেন। ওই মোটরসাইকেলচালক সাগর হোসনকে গালিগালাজ করলে কথা-কাটাকাটি হয়। আচমকা কয়েকজন অজ্ঞাতনামা তরুণ (মোটরসাইকেলে তেল নিতে আসা) এসে বাসচালক সাগরকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকেও মারধর করার চেষ্টা করা হয়।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। গতকাল রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাসে করে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান এবং অপরাধীদের শাস্তি দাবি করে বিক্ষোভ করেন। পরে মোহাম্মদপুর থানা–পুলিশ ও রমনা জোনের ডিসি এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
এ বিষয়ে বিক্ষোভে অংশ নেওয়া শাখা ছাত্রদলের সদস্য ও রসায়ন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চালককে যেভাবে মারধর করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে আমরা ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছি। যদি পুলিশ তাদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তেলপাম্পটির সামনে শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে। এর পাশেই বিশ্ববিদ্যালয়ের বাসটি আটকে রয়েছে। বাসচালক সাগর হোসেন বাস থেকে নেমে একটি মোটরসাইকেলের চালকের সঙ্গে কথা-কাটাকাটি করছেন। হঠাৎ কয়েকজন তরুণ বাসচালককে বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে মোহাম্মদ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক তানভীর রহমান। বাসচালক সাগর হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, আসাদ গেট পাম্পে বাইকাররা রাস্তা বন্ধ করে রেখেছিলেন। ড্রাইভার যখন তাঁদের রাস্তা একটু ছেড়ে দিতে বলেন, তখন তাঁরা গালিগালাজ করেন। এরপর ড্রাইভার বাস থেকে নামলে তাঁরা মিলে ড্রাইভারকে মারধর করেন। সাগর বেশ আহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং তিনি একমত। সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।