ফেনীতে ছয় মাসের শিশু হত্যা মামলায় জামাতা-শাশুড়ির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে ছয় মাসের শিশু আসমা আক্তার (তানিশা) হত্যা মামলায় জামাতা ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ফেনীর আদালত। একই সঙ্গে তাঁদের দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন সোনাগাজী উপজেলার চরডুবা গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী সফুরা খাতুন ওরফে সবুরা খাতুন (৬০) ও তাঁর মেয়ের স্বামী মো. সেলিম খান (৪৫)। সেলিম চরফ্যাশন উপজেলার চর আবজাল গ্রামের বাসিন্দা। মামলার রায়ে সফুরা খাতুনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সেলিম খানকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সেলিম খান আদালতে উপস্থিত থাকলেও শাশুড়ি সফুরা খাতুন পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনাগাজীর চর গণেশ এলাকার প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সফুরা খাতুন। এর মধ্যে জামাতা সেলিম খানের সঙ্গে সফুরা ওই বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সালের ২৯ অক্টোবর ওই বাড়ির সদস্যদের জন্য রান্না করা খাবারে সফুরা চেতনানাশক ওষুধ দিয়ে রাখেন। পরে গভীর রাতে সফুরার সহযোগিতায় সেলিম ওই বাড়িতে ডাকাতি করতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন সেলিমকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সেলিম ধারালো অস্ত্র দিয়ে নুর মোহাম্মদের স্ত্রী ও তাঁর ছয় মাসের মেয়ে আসমাকে কুপিয়ে আহত করেন। পরে আহত আসমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আসমার বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে ওই মামলায় পুলিশ সফুরা ও সেলিম খানকে গ্রেপ্তার করে।

আদালত সূত্রে জানা যায়, আলোচিত মামলাটি তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাস ২০১৪ সালে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি বিজেন্দ্র কুমার কংসবণিক বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত ছিলেন, তবে সফুরা বেগম পলাতক।