সিলেট সিটি নির্বাচনে এবার কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল চৌধুরীর উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রধান অতিথির ডানে বসে আছেন এনামুল। গতকাল সোমবার বিকেলে নগরের খাদিমপাড়ায়
ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবীর চৌধুরী ওরফে সোহেল। গতকাল সোমবার বিকেলে নগরের খাদিমপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাঁর উদ্যোগে এক পরামর্শ সভা হয়। সেখানে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এনামুল সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ নিয়ে এনামুলসহ এখন পর্যন্ত বিএনপি ও দলের সহযোগী সংগঠনের ১৫ জন নেতা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। তবে এখনো দলের ১৭ জন নেতা-কর্মী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

গতকাল বিকেলে এনামুলের উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ভোটারেরা উপস্থিত ছিলেন। এনামুল তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও দেশই তাঁর কাছে বড়। তাই দলের সিদ্ধান্ত মেনে তিনি তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো পাতানো নির্বাচনে যাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপির নেতা-কর্মীরা সরে দাঁড়িয়েছেন। যাঁরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাঁরাও শিগগির সরে দাঁড়াবেন বলে আমরা মনে করি।’