বান্দরবানে অস্ত্রের মুখে ছয় রাবারশ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবান সদরে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার টঙ্কাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সকালে বিষয়টি জানাজানি হয়। অপহরণকারীরা ছয় শ্রমিকের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেছেন বলে রাবারবাগান–সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই রাবারবাগানের মালিক মোহাম্মদ ইসমাইল জানান, বাগানে দুজন নারীসহ আটজন শ্রমিক ছিলেন। রাত ১১টার দিকে একদল অস্ত্রধারী তাঁর বাগানে ঢুকে শ্রমিকদের মারধর ও গালাগালি শুরু করে। এ সময় দুই নারীশ্রমিক পালিয়ে পার্শ্ববর্তী লোকজনের বাড়িতে চলে যান। আর বাকি শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে।

অপহৃত শ্রমিকেরা হলেন, নুরুল আফছার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত উদ্দিন ও মো. সাকিব। তাঁরা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাপের ঘেরা এলাকার বাসিন্দা।

হাতিরডেরা এলাকাটি জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে টঙ্কাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। নাম প্রকাশ না করার শর্তে রাবারবাগানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, অপহরণকারীরা শ্রমিকদের মুঠোফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহরণকারীরা সবাই পাহাড়ি বলে তাঁদের মনে হয়েছে।

টঙ্কাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো বলেন, শ্রমিক উদ্ধারে এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। কারা এ অপহরণের সঙ্গে যুক্ত তা জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, অপহরণের বিষয়টি তদন্তের জন্য পুলিশের একটি দল রাবারবাগানে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর উদ্ধার অভিযান জোরদার করা হবে।

বান্দরবানে শ্রমিক অপহরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত মঙ্গলবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে রাবারবাগানের চারজন শ্রমিককে অপহরণ করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গতকাল সন্ধ্যায় ওই চারজনকে উদ্ধার করা হয়।