পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে আরিচা ঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে মানিকগঞ্জে শিবালয়ের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং শিবালয়ের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথ দুটিতে আজ সোমবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় নৌ–দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর আরিচা বন্দর ব্যবস্থাপক এস এম সাজ্জাদুর রহমান বলেন, আজ ভোর থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে এবং আরিচা-কাজিরহাট নৌপথে যমুনা নদীতে বৃষ্টির সঙ্গে ঢেউয়ের সৃষ্টি  হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস বেড়ে যাওয়ায় নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লঞ্চ চলাচল চালু করা হবে জানান সাজ্জাদুর রহমান।

এ দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, লঞ্চঘাট বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরির মধ্যে ১১টি চলাচল করছে। নদী উত্তাল ও স্রোত থাকায় ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি থাকলেও যানবাহনের কোনো চাপ নেই।