খুলনা সিটির ওয়ার্ড পরিক্রমা: ওয়ার্ড নম্বর ১৭
বড় সমস্যা মশা–জলাবদ্ধতা
ওয়ার্ডটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
খুলনা নগরের নিউমার্কেট এলাকার পশ্চিম দিকে চলে গেছে একটি সড়ক। ওই সড়কটি বড় গির্জা সড়ক হিসেবে পরিচিত। ওই সড়কের উত্তর পাশে খুলনা টেক্সটাইল মিলের পড়ে থাকা জমি। এলাকার নাম নূরানী মহল্লা। একসময় সেটি সোনাডাঙ্গা-ময়লাপোতা বস্তি নামে পরিচিত ছিল। এটি খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। কিছু কিছু জায়গায় নালার নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। ওই এলাকার অনেক জায়গায় এখনো ড্রেন বা রাস্তা করার কাজ শুরুই করা হয়নি।
এলাকাবাসী জানান, প্রায় এক বছর ধরে এমন উন্নয়নকাজ চলছে। তবে কাজের ধীরগতির কারণে তা শেষ হচ্ছে না। এতে মানুষের ভোগান্তি বাড়ছে।
ওই সড়ক ধরে আরেকটু এগিয়ে গেলেই সোনাডাঙ্গা বাইপাস সড়ক। গল্লামারী থেকে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল হয়ে বয়রা এলাকার মধ্য দিয়ে ওই সড়কটি গিয়ে মিশেছে দৌলতপুরের নতুন রাস্তা এলাকায়। চার লেনবিশিষ্ট সড়কটি আড়াআড়ি পার হলেই হাফিজ নগর। বর্তমান কাউন্সিলরের নামানুসারে ওই এলাকার নামকরণ করা হয়েছে। একসময় ওই এলাকাটির নাম ছিল খোড়া বস্তি। সেখানে দেখা যায়, এলাকার সড়কগুলো সবই কংক্রিটের। পাশ দিয়ে তৈরি করা হয়েছে ড্রেন। অনেক জায়গায় ড্রেনের ঢাকনা নেই। সড়কগুলো প্রশস্ততা ১০ ফুটের মতো।
সিটি করপোরেশনের মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডটি বেশ গুরুত্বপূর্ণ। ওই ওয়ার্ডের মধ্যে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান কার্যালয়, নিউমার্কেট, সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল, জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, নার্সিং ইনস্টিটিউট, সোনাডাঙ্গা এলাকার দুটি বড় আবাসিক এলাকা। ওই ওয়ার্ডের পশ্চিমে ময়ূর নদ, দক্ষিণে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল, পূর্বে শিববাড়ি ও উত্তরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ওই ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় ৭০ হাজার। ভোটার প্রায় ৩০ হাজারের মতো।
বিভিন্ন এলাকা ঘুরে ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাডাঙ্গা বাস টার্মিনালকেন্দ্রিক মাদকের ব্যবসা রমরমা। বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা থাকে। মশার উপদ্রবও বেশি। সোনাডাঙ্গা আবাসিক এলাকার অধিকাংশ সড়কের প্রবেশপথ বন্ধ করে রাখায় মানুষের ভোগান্তি বেশি হয়। পর্যাপ্ত সড়কবাতি নেই। চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে।
ওই ওয়ার্ডে ৩৬ বছর ধরে কাউন্সিলর হিসেবে আছেন শেখ হাফিজুর রহমান। এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আগে যেমন জলাবদ্ধতা ছিল, ড্রেন ও রাস্তার কাজ শেষ হওয়ার পর তা থাকবে না। মশা নিধনে নিয়মিত ওষুধ স্প্রে করা হয়। আগের তুলনায় মাদকের কারবার অনেকটা কমে এসেছে।
কাউন্সিলর বলেন, গত পাঁচ বছরে ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। করোনা মহামারি ও নির্মাণসামগ্রীর দামের ঊর্ধ্বগতির কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করা যায়নি। এ কারণে অনেক এলাকায় কাজ এখনো চলমান রয়েছে। গত ৫ বছরে প্রায় ৭০ কোটি টাকার মতো কাজ হয়েছে। আরও হয়তো ২৫ থেকে ৩০ কোটি টাকার মতো কাজ হবে। বর্তমান মেয়রের সময় যে পরিমাণ বরাদ্দ পাওয়া গেছে, তা আর কখনো দেখা যায়নি। উন্নয়নকাজগুলো শেষ হলে ওয়ার্ডটি মডেল ওয়ার্ডে পরিণত হবে। পড়ে থাকা টেক্সটাইল মিলের ৮৮ একর জমিতে শিল্পপার্ক বা ওই ধরনের কিছু করা যায় কি না, সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।
১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী খান। ২০১৩ সালে কাউন্সিলর পদে নির্বাচনও করেছিলেন, কিন্তু হাফিজুর রহমানের কাছে হেরে যান। ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি দলের সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। দলের সুখে-দুঃখে পাশে থেকেছি। আমিও দলের সমর্থন চাইব, দল যদি সমর্থন দেয়, তাহলে নির্বাচন করব।’
ইউসুফ আলী বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে বলেন, ‘এলাকায় কাজ হয়, কিন্তু এলাকার মানুষ তার সুবিধা ভোগ করতে পারেন না। কাউন্সিলর নিজের মতো করে, নিজের পছন্দের লোককে দিয়ে কাজ করান। আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নকাজ করব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এলাকা থেকে মাদক নির্মূল করা হবে।’
১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এস এম কবির উদ্দীনও দলের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান। তবে দল যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলেই তিনি নির্বাচন করবেন।
ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ। তিনি ২০১৮ সালে ওই ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন। তিনি এবার সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করেন। আবদুর রশিদ বলেন, ‘সরকার যেহেতু ঘোষণা দিয়েছে এবারের নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরাও আশাবাদী। নির্বাচন সুষ্ঠু হলে ইনশা আল্লাহ কাউন্সিলর নির্বাচিত হব।’