সরকার শুধু বিএনপি নয়, হিরো আলমকেও ভয় পায়: মির্জা ফখরুল

দিনাজপু‌রে রংপুর বিভাগীয় বিএন‌পির পদযাত্রা কর্মসূ‌চি শুরুর আ‌গে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে বক্তব্য রাখছেন দ‌লের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বি‌কেলে শহ‌রের ইন‌স্টি‌টিউট মা‌ঠেছ‌বি: প্রথম আ‌লো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এমন একটা দল, যারা নিজেকে ছাড়া আর কাউকে চেনে না। অন্যদের সহ্য করতে না পেরে ১৯৭৫ সালে বাকশাল গঠন করেছিল। আজকে নতুন কায়দায় বাকশাল কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নির্বাচন করতে চায় বাকশালি কায়দায়। যে কারণে শুধু বিএনপি নয়, এমনকি হিরো আলমকেও তারা ভয় পায়।

আজ বুধবার বিকেল পাঁচটায় দিনাজপুরে রংপুর বিভাগীয় পদযাত্রা শুরুর আগে শহরের ইনস্টিটিউট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফিরন। পদযাত্রায় অংশ নেন রংপুর বিভাগের আটটি জেলার নেতা-কর্মীরা। দুপুরের পর থেকে তাঁরা দিনাজপুর শহরে আসতে শুরু করেন। এ সময় বিভিন্ন ব্যানার–ফেস্টুন হাতে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতা–কর্মীরা। শহরের মডার্ন মোড় থেকে লিলির মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তাঁরা।

আরও পড়ুন

সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন, আজকের কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের ওপরে বাঁশেরহাট এলাকায় হামলা করা হয়েছে। অন্ধকারে অতর্কিতে হঠাৎ হামলা করে কাপুরুষেরা। যাদের সাহসের অভাব, যারা জনগণের সামনে দাঁড়াতে ‍ভয় পায়, তারাই পেছন থেকে ঢিল মেরে অতর্কিত হামলা চালায়। তাতেও সমাবেশকে ঠেকাতে পারেনি, পারবে না। সব বাধা উপেক্ষা করে মানুষ পদযাত্রায় অংশ নিয়েছে। কারণ, এই আন্দোলন শুধু কৃষক দল, তাঁতী দল, যুবদলের জন্য নয়; বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষের, তাঁদের মুক্তির ও বেঁচে থাকার আন্দোলন, ভোট দেওয়ার আন্দোলন। বিএনপি যে সৃজনশীল ও সৃষ্টিধর্মী রাজনীতি করে, এই পদযাত্রাই তার প্রমাণ।

আরও পড়ুন

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আওয়ামী লীগ গোটা জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। সন্ত্রাস-আগুন আর হামলার রাজনীতি করে গায়ের জোরে টিকে থাকতে চায়। ২০১৪ সালের নির্বাচনে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সংসদে নিয়ে গেছে। ২০১৮ সালে আগের রাতে ভোট করেছে। কাউকে সহ্য করতে পারে না। এমনকি হিরো আলমকেও সহ্য করতে পারে না। ঢাকা-১৭ আসনে ভোট পড়েছে মাত্র ৫ শতাংশ। দেশের গণতন্ত্রকে, নির্বাচনব্যবস্থাকে একটা তামাশায় পরিণত করে গোটা গণতন্ত্রকে ধ্বংস করেছে। অথচ ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমরা একটা পরিবর্তন চাই। দেশের মাটির জন্য, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আজকের লড়াই-সংগ্রাম আমাদের অস্তিত্বের লড়াই-সংগ্রাম। জাতি হিসেবে আমরা টিকে থাকব কি থাকব না, এই আন্দোলনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে।’

আরও পড়ুন

দিনাজপুরের উন্নয়নের কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, শিক্ষা বোর্ড—এর সব কিছুই করেছে খালেদা জিয়া সরকার। অথচ এখন প্রতিষ্ঠানগুলোর নাম পর্যন্ত পরিবর্তন করা হচ্ছে।

আরও পড়ুন

সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে বিএনপির নেতা-কর্মীদের পদযাত্রা শুরু হয়। শহরের লিলির মোড় থেকে মুন্সিপাড়া, মডার্ন মোড়, গণেশতলা হয়ে আবারও ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রা কর্মসূচিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ প্রমুখ।

আরও পড়ুন