শিশুর গলায় ছুরি ধরে ‘কার কাছে কী আছে, দিয়ে দিন’ বলে ছিনতাই
রংপুরের পীরগঞ্জে অটোরিকশা থামিয়ে এক শিক্ষকের কোলে থাকা চার বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মকিমপুর এলাকায় ফায়ার স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার। গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি তিন সহকর্মীর সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পথরোধ করেন।
শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাঁরা বলেন, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’
এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাঁরা বলেন, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে আতঙ্কিত হয়ে শামীমা আক্তার ও তাঁর সহকর্মীরা চিৎকার শুরু করেন।
শামীমা আক্তারের ভাষ্য, দুর্বৃত্তরা একপর্যায়ে তাঁর গলা থেকে এক ভরি এক আনা ওজনের সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। চেইনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শামীমা আক্তার ও তাঁর তিন সহকর্মী অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’