উত্ত্যক্তের জেরে মাঝরাতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পড়ে আছে ইটপাটকেল। আজ শনিবার ভোর সোয়া পাঁচটায় ক্যাম্পাসের রবীন্দ্র চত্বরে
ছবি: প্রথম আলো

এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষে জড়ান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের সময় দুই হলের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল টিমের সদস্য এবং দুই হলের প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। পরে সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি করেছেন উভয় হলের প্রাধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র মো. মিরাজ তাঁর বান্ধবীকে নিয়ে নতুন কলাভবনের নিচে খাবার নিতে যান। এ সময় রফিক-জব্বার হলের কয়েক শিক্ষার্থী মিরাজের বান্ধবীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ মিরাজের। পরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরাজ তাঁর বন্ধুদের নিয়ে উত্ত্যক্তকারীদের একজন মো. রাফিকে মারধর করে। এর জেরে রাত সাড়ে তিনটার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা রবীন্দ্র চত্বরে (দুই হলের মধ্যবর্তী স্থান) সংঘর্ষে জড়ান।

সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার ভোর সোয়া পাঁচটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্বরে
ছবি: প্রথম আলো

শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় রফিক-জব্বার হল থেকে পটকা ফোটানো হয়। পরে রাত সাড়ে চারটার দিকে দুই হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল টিমের এক সদস্য ও নিরাপত্তা শাখার কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ। তিনি প্রথম আলোকে বলেন, কয়েক দফায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে এসেছিলেন। তাঁদের মধ্যে ১২ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র মো. মিরাজ বলেন, গত বুধবার রাতে রফিক-জব্বার হলের কয়েক শিক্ষার্থী তাঁর বান্ধবীকে উত্ত্যক্ত করেন। গতকাল রাতে তাঁদের মধ্যে রাফি নামের একজনকে হলের বন্ধুদের সঙ্গে রবীন্দ্র চত্বরে দেখতে পান। এ সময় উত্ত্যক্তের ঘটনার কথা জানতে চাইলে রফিক-জব্বার হলের কয়েকজনের সঙ্গে তাঁর হলের (রবীন্দ্রনাথ ঠাকুর হল) কয়েকজনের হাতাহাতি হয়। পরে দুই হলের সিনিয়ররা এসে বিষয়টি সমাধান করে দেন। কিন্তু হঠাৎ রাত সাড়ে তিনটার দিকে রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা হামলা চালান।

এ বিষয়ে জানতে আজ সকালে রাফির মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। প্রাথমিকভাবে একটা প্রতিবেদন জমা দেবেন। তদন্তের মাধ্যমে ডিসিপ্লিনারি বোর্ড থেকে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।