ময়মনসিংহে সেতুর টোল প্লাজায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ২
ময়মনসিংহ শহরতলির চরকালীবাড়ি এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল প্লাজা এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস কে আগে অতিক্রম করবে, তা নিয়ে কথা-কাটাকাটি জেরে আজ শনিবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ছুরিকাঘাতে আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তরুণের নাম মো. রাকিব (২৩)। তিনি ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকার মৃত মো. ওসমানের ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ আজ রাত সোয়া নয়টায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, ট্রাককে সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এ হত্যার ঘটনা ঘটে। তবে এ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আজ রাত আটটার দিকে চরকালীবাড়ি টোল প্লাজা এলাকায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে থাকা লোকদের মধ্যে সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবসহ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাকিব মারা যান। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কেউ কিছু বলতে পারছে না।