নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে তাঁর পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম (২০)। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গত মঙ্গলবার রাত আটটার পর ক্যাম্পাস থেকে শহরে আসার পথে অপহরণের ঘটনা ঘটেছে বলে দাবি করে তাঁর পরিবার।
নাজমুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তাঁর বাবা আবুল ফারাহ বলেন, সবশেষ মঙ্গলবার রাত আটটার দিকে ছেলের সঙ্গে তাঁর স্ত্রী কথা বলেন। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে গতকাল বুধবার বিকেল চারটার দিকে ছেলের ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর মায়ের ফোনে একটি কল আসে। ফোন রিসিভ করতেই অন্য এক ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপ চালু করতে বলেন। তাঁর স্ত্রী হোয়াটসঅ্যাপ চালু করার পর খুদে বার্তা পাঠিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সময় ছেলেকে বেঁধে রাখার কয়েকটি ছবিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর তাঁরা ছেলের ক্ষতি না করার জন্য অনেক অনুরোধ করেন এবং ধারদেনা করে দুই দফায় ছেলের বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা মুক্তিপণ হিসেবে পাঠান। অপহরণকারী ব্যক্তিরা তাঁর ছেলেকে গতকাল রাত ১২টায় চাঁদপুরের উদ্দেশে ট্রেনে তুলে দেওয়ার কথা। কিন্তু আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি। এখনো মুঠোফোন বন্ধ।
নাজমুলের বাবা পেশায় একজন অটোরিকশাচালক। তিনি আরও বলেন, গতকাল বিকেলে প্রথমে কচুয়া থানায় যান তিনি। সেখান পুলিশ তাঁকে নোয়াখালী যাওয়ার পরামর্শ দিলে তিনি নোয়াখালীর সুধারাম থানায় যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিস্তারিত জানানোর পর তাঁরা ছেলের মুঠোফোন নম্বরের সূত্র ধরে জানান নম্বরটি ঢাকার মোহাম্মদপুর এলাকায় রয়েছে। পরে মোহাম্মদপুরে ছেলের বন্ধু কারা থাকেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য থানা থেকে তাঁকে পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক বলেন, ওই শিক্ষার্থী ক্যাম্পাসে বিভিন্ন জনের কাছে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এ কারণে নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি নাজমুলের পরিবার। ঘটনাটি অপহরণ কি না, সে বিষয়ে তাঁরা খতিয়ে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আনিসুজ্জামান রিমন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী অপহৃত হওয়ার কথাটি তাঁর বাবা ফোন করে তাঁকে জানিয়েছেন। তিনি এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য বিভাগের চেয়ারম্যানসহ দুজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন। গতকাল রাতে একবার ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে শুনেছেন। কিন্তু আজ সকালেও সে বাড়ি যায়নি বলে জানা যায়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।