নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সকালে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের চারতলা ওই ভবনে আগুনের সূত্রপাত। আজ সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) ফখর উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে সকাল থেকেই ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের অন্তত ১২টি ইউনিট। এখন আর আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির উপাদান থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছিল।

কারখানা সূত্রে জানা গেছে, আজ ভোর সোয়া ৫টার দিকে প্রথমে ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানটির ‘ফায়ার ফাইটাররা’ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিয়ন্ত্রণে না আসায় আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।