চট্টগ্রামে নালা খুঁড়তে গিয়ে সামরিক গোলা উদ্ধার, ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার
চট্টগ্রাম নগরে নালা খুঁড়তে গিয়ে সামরিক গোলা উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। আজ রোববার দুপুরে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এগুলো পাওয়া যায়। পরে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল তিনটি গোলা নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গোলাগুলো বিস্ফোরিত হয়নি, তবে সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নালার নির্মাণকাজ চলছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে গোলাগুলো দেখতে পেয়ে ঠিকাদারকে জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়।
পরে বিকেলে গোলাগুলো হালিশহর সমুদ্রসৈকত এলাকায় নিয়ে গিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হয় বলে জানান ওসি।