গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু, গুরুতর অসুস্থ এক শিশু
গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে সালনার ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
মারা যাওয়া শিশুরা হলো শেরপুরের বাসিন্দা আশরাফুলের মেয়ে আশামনি (৬) ও আলিফা (২)। আশরাফুল স্ত্রী-সন্তানদের নিয়ে সালনার ইপসা গেট এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।
মৃত শিশুদের বাবা আশরাফুল বলেন, আজ সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে তিনি দুই মেয়ে ও এক আত্মীয়ের ছেলেকে প্যাটিস ও কেক কিনে দিয়েছিলেন। ওই কেক ও প্যাটিস খেয়ে কিছুক্ষণের মধ্যে দুই মেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় অন্য শিশু সিয়াম অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে। আরেক শিশু সিয়াম (৬ মাস) চিকিৎসাধীন। শিশুটির অবস্থাও গুরুতর। মৃত শিশু দুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।