জামালপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধুর বিরুদ্ধে অভিযোগ
জামালপুর শহরে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে শহরের মুকুন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দুই বন্ধু মদ্যপ অবস্থায় ছিলেন। তুচ্ছ ঘটনার জেরে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু মারা গেছেন।
নিহত যুবকের নাম মোহাম্মদ হাবিল (২৭)। তিনি শহরের কাছারিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত চান মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চান মিয়ার বাড়ি শহরের মৃধাপাড়া এলাকায়। তবে তিনি ভাড়ায় থাকতেন শহরের মুকুন্দবাড়ি এলাকায়। মোহাম্মদ হাবিল ও চান মিয়া পরস্পর বন্ধু। তাঁরা একই সঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ হাবিল ও চান মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। কাজের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুজন একসঙ্গে মদ পান করতে মেথরপট্টি এলাকায় যান। পরে হাবিলকে সঙ্গে নিয়ে চান মিয়া শহরের মুকুন্দবাড়িতে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে কোনো বিষয়ে তাঁদের কথা–কাটাকাটি হয়। চান মিয়া ক্ষুব্ধ হয়ে তাঁর বাড়ির সামনে হাবিলকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে রক্তমাখা ছুরিসহ চান মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহত মোহাম্মদ হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে গতকাল রাতে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় চান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, মদ্যপ অবস্থায় এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।