সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় ট্রাক ঢোকার সময় চাকায় পিষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কারখানার ফটকে ট্রাকচাপায় এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক নিরাপত্তাকর্মী। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকার জিপিএইচ ইস্পাত কারখানার গুদামের ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরণ কুমার ত্রিপুরা (৩০) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ মাপমারা গ্রামের বাসিন্দা। আহত মো. মিল্লাত হোসেন (৩৪) ভোলার জেলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব ট্রাক গুদামে প্রবেশ করার সময় নিরাপত্তাকর্মীরা ফটক খোলার কাজ করছিলেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফটকের দক্ষিণ পাশের অংশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে ওই অংশে থাকা নিরাপত্তাকর্মী বরণ ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর নিরাপত্তা প্রহরী মিল্লাত হোসেন ট্রাকের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত পান। পরে কারখানা কর্তৃপক্ষ মিল্লাতকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।