কেরানীগঞ্জে রঙের কারখানার আড়ালে ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন
ঢাকার কেরানীগঞ্জে রং তৈরির কারখানার আড়ালে পরিচালিত আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। আজ সোমবার দুপুরে র্যাবের অভিযানে ১৯ হাজার ইয়াবা বড়ি, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক নাসির হোসেনকে (২৮) আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি মদিনানগর এলাকায় কারখানার সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামের এক ব্যক্তিকে ১১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনানগর এলাকায় মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়। একই সময় কারখানার মালিক নাসির হোসেনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির হোসেন জানিয়েছেন, তিনি রং তৈরির কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কারখানাটি কিনে সেখানে গোপনে ইয়াবা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় র্যাব-১০-এর অভিযানে আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই অভিযানে ১ হাজার ৯৬৮টি ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।