টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

সংঘর্ষপ্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম ওরফে হাসিব (২৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মঞ্জুরুল ইসলাম টঙ্গীর পাগার এলাকার তরিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। গতকাল রাতে টঙ্গী পূর্ব থানার পাগার এলাকায় সংঘর্ষে তিনসহ মোট চারজন আহত হন। এর মধ্যে পাগার এলাকার মো. আকাশ (২৫) ও ইমরান হাসান (২৪) এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আটক ব্যক্তির নাম জোবায়ের হোসেন (৪৫)। তিনি পাগার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে মঞ্জুরুলের বাবার সঙ্গে প্রতিবেশী আরেক পক্ষের বিরোধের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মঞ্জুরুলের অবস্থার অবনতি হলে তাঁকে একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।