নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২১ যাত্রী উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ২১ যাত্রী থাকলেও তাঁরা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন ট্রলারচালক। আজ শুক্রবার ভোর রাত সাড়ে ৩টায় বক্তাবলী ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালান। তবে নিখোঁজের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় তাঁরা উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেন।
ট্রলারচালক আমজাদ হোসেন জানান, প্রতিদিনই ভোরে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা কেনাকাটা করতে সদর উপজেলার বক্তাবলী থেকে নদীপাড় হয়ে নারায়ণগঞ্জ শহরে যান। আজ ভোর সাড়ে তিনটার দিকে বক্তাবলী ঘাট থেকে ট্রলারে কমপক্ষে ২০ থেকে ২১ ব্যবসায়ী ট্রলারে উঠেছিলেন। তাঁরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। ঘাট থেকে কিছু দূর গেলে আলী মিয়া নামের এক যাত্রীকে ট্রলার চালাতে দিয়ে তিনি ভাড়া তুলতে যান। তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেড এসে ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এ সময় যাত্রীরা সবাই সাঁতরে নদীর তীরে উঠে পড়েন।
ট্রলারের যাত্রী রমজান মিয়া বলেন, ‘ট্রলারে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই আমার পরিচিত। সবাই সাঁতরে নদীরে তীরে উঠতে দেখেছি।’
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফীন প্রথম আলোকে বলেন, বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির খবর পেয়ে বুড়িগঙ্গা নদীতে তাঁদের একটি ডুবুরি দল তল্লাশি চালায়। কিন্তু কেউ নিখোঁজ না থাকায় উদ্ধারকাজ শেষ করে তারা চলে এসেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে কেউ নিখোঁজ নেই।