সাতক্ষীরা পৌরসভা
খালটি শহরের ‘ডাস্টবিন’
২০১৯ শেষের দিকে প্রাণসায়ের খালের খননকাজ শুরু হয়; শেষ হয় ২০২১ সালে জানুয়ারি মাসে। এতে ব্যয় হয় ১০ কোটি ১৩ লাখ টাকা।
সাতক্ষীরার প্রাণসায়ের খাল পুনঃখননের দুই বছর না যেতেই ভরাট হয়ে গেছে। পাশাপাশি খালের দুই ধার দখল হয়ে যাচ্ছে। খালটি যেন পরিণত হয়েছে শহরের ডাস্টবিনে। খালে ফেলা হচ্ছে শহরের ময়লা–আবর্জনা। জোয়ার-ভাটা না থাকায় বদ্ধ খাল ভরে গেছে কচুরিপানায়। পচা পানিতে মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।
উনিশ শতকের মাঝামাঝি সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য একটি খাল খনন করেন। খালটির মাধ্যমে সংযোগ স্থাপন করা হয় উত্তরে বেতনা ও দক্ষিণে মরিচ্চাপ নদীর সঙ্গে। খেজুরডাঙ্গী থেকে এল্লাচর পর্যন্ত ১৪ কিলোমিটার লম্বা খনন করা খালটি প্রাণনাথ রায় চৌধুরীর নাম অনুসারে প্রাণসায়ের খাল হিসেবে পরিচিতি পায়। সাতক্ষীরার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতাসহ বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে খালটি। তবে সময়ের পরিবর্তনে খালটি ভরাট হয়ে যায়। দখল ও দূষণে এটি মৃতপ্রায় হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা যায়, ভরাট হয়ে যাওয়ায় খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ২০১৯ শেষের দিকে খননকাজ শুরু হয়; শেষ হয় ২০২১ সালে জানুয়ারি মাসে। এতে ব্যয় হয় ১০ কোটি ১৩ লাখ টাকা
১৫ অক্টোবর প্রাণসায়ের খালের দুই ধার ঘুরে দেখা যায়, সাতক্ষীরা শহরের বড়বাজারসহ শহরের মধ্যে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা ফেলা হয়েছে খালে। খালের পানি থেকে গন্ধ ছড়াচ্ছে। খালের পশ্চিম পাড়ে মুক্তিযোদ্ধা সড়কের রাধানগর পাশে খাল দখল করে আসবাবের দোকান। একই পাশে কেষ্ট ময়রা সেতুর কাছে এক ব্যবসায়ী পিলার পুঁতে খাল ভরাট করেছেন। খালের উত্তর পাশে অনেকগুলো কাপড়ের দোকান। ১৪ কিলোমিটার খালের পুরোটাই কচুরিপানায় ভর্তি।
দখলের বিষয়ে আসবাবের দোকানি মুজিবর হাওলাদার বলেন, ২০ বছরের বেশি সময় ধরে তিনিসহ ২৪ জন খাল পাড়ের এই জায়গায় ব্যবসা করছেন। মাঝেমধ্যে তাঁদের উচ্ছেদ করা হয়। কিন্তু শহরে দোকান করার জায়গা না থাকায় আবার এই স্থানে এসে ব্যবসা করেন।
পশালপোল এলাকার খাল পাড়ে খাবারের দোকানের মালিক আলী নূর বলেন, দুর্গন্ধের কারণে দোকানে খরিদ্দার আসতে চান না। খালে শহরের ময়লা ফেলা হচ্ছে। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ হচ্ছে দূষিত।
খাল পাড়ের বাসিন্দা লতা বেগম বলেন, খালের পানির পচা দুর্গন্ধে বাড়িতে টেকা যায় না। পচা পানিতে মশা জন্ম নিচ্ছে। মশা ও দুর্গন্ধের কারণে আত্মীয়-স্বজন কেউ এখানে আসতে চান না।
কেষ্ট ময়রা সেতুর রাধানগর এলাকার ব্যবসায়ী আবদুস ছালাম বলেন, খালপাড়ের ওই স্থান তাঁদের নিজেদের জায়গা। হয়তো একটু বেশি ভরাট করা হয়ে গেছে। তবে ওই স্থানে তিনি কিছু করবেন না।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, খালের খেঁজুরডাঙ্গী ও এল্লারচার দুই মুখেই স্লুইসগেট অকেজো হয়ে আছে। জোয়ার-ভাটা না থাকায় খালটি ভরাট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। খালটি পাউবো খনন করে। এটি তত্ত্বাবধানের দায়িত্বে সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রশাসন। তাদের তদারকি না থাকলে ভরাট কিংবা দূষণ রোধ করা কঠিন।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও বিশেষ করে বড়বাজার এলাকায় খালে বর্জ্য ও ময়লা ফেলা হচ্ছে। নতুন করে কেউ যেন আর এই কাজ না করেন, সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, তিনি খোঁজখবর নিয়ে খালের পাড় যাতে কেউ দখল করতে না পারেন, তার ব্যবস্থা নেবেন।