চট্টগ্রামে এবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নাম ফলক লাগানো হচ্ছেছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে এবার কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত দুটি ভিডিও আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নগরের নিউমার্কেটের দারুল ফজল মার্কেটে অবস্থিত কার্যালয়টি অবস্থিত। তবে ভিডিও দুটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি কার্যালয়ের ফটক ও জানালার ওপরের দুটি পরিচিতি ফলক সাঁটিয়ে দিচ্ছেন। এ সময় তাঁদের বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অফিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

এদিকে ১ মিনিট ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, জানালার ওপরে থাকা ফলকে আসিফ মাহমুদ নামে একজনের নাম লেখা রয়েছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন মো. জসিম উদ্দিন জয়। ভিডিওতে বাংলাদেশের পতাকা হাতে এক ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়।

নিজেকে মো. জসিম উদ্দিন জয় পরিচয় দিয়ে বক্তব্যে ওই ব্যক্তি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে মহিবুল হাসান চৌধুরী ভাই ও যুবলীগের সদস্য আসিফ মাহমুদ ভাইয়ের তত্ত্বাবধানে দারুল ফজল মার্কেটে পুনরায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় শুভ উদ্বোধন করা হলো।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি, ব্যানারও ছিল না। তালা দেওয়া ছিল। একটা ভিডিও পেয়েছি, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে দলটির উত্তর জেলা কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটে। এ-সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত সোমবার বিকেলে ছড়িয়ে পড়ে। তবে এদিন রাত আটটায় নগরের নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টিতে গিয়ে ফলকটি আর দেখা যায়নি। কার্যালয়েও তালা দেওয়া ছিল।