আদালতে শিমুল–জান্নাতের বিয়ের পর বাড়িতেও ফিরেছে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের সঙ্গে জান্নাত ফেরদৌস ও শিমুল পারভেজ
ছবি: প্রথম আলো

শ্যামলী বেগম রান্না করছেন। পাশেই তাঁর ছেলের বউ জান্নাত ফেরদৌস বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছেন। জুমার নামাজ শেষে বাড়িতে ঢুকেই শিমুল পারভেজ তাঁর আট মাসের ছেলেকে বুকে টেনে নিলেন। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, এই জান্নাত আর শিমুলের সংসার ভেঙে গিয়েছিল। চলছিল মামলা। গত বৃহস্পতিবার ছিল মামলার জামিন শুনানির দিন। আট মাসের বাচ্চাটির ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালত তাঁদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। জান্নাত ও শিমুল আদালতের পরামর্শে সম্মত হন। আদালতের কক্ষেই তাঁদের বিয়ে হয়। বাড়ি ফিরে জান্নাত ও শিমুল কী করছেন, তা দেখতে আজ শুক্রবার দুপুরে এই প্রতিবেদক তাঁদের বাসায় যান।

জান্নাত ও শিমুলের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার সমসাদিপুর মহল্লায়। বাড়ি চেনার জন্য জান্নাতের মা স্বপ্না বেগমের সহযোগিতা নিতে হলো। প্রথমে তাঁর বাসার কাছে গেলে তিনি বলেন, আদালত থেকে আসার পর মেয়ে তাঁর জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে গেছে। তবে আজ সকালে মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। পরে জামাতার বাড়ি চেনানোর জন্য স্বপ্না তাঁর ছোট মেয়ে বৈশাখীকে সঙ্গে দিলেন।

আরও পড়ুন

শিমুলের বাড়িতে গিয়ে দেখা গেল, শিমুলের মা শ্যামলী বেগম রান্না করছেন। শিমুলের বাবা বাড়িতেই ছিলেন। তিনি রেলওয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন। নিজের চাকরিটা ছেলেকে দিয়ে তিনি এখন রাজমিস্ত্রির কাজ করেন। তিনি বললেন, কোনো ঝামেলা নেই। মেয়ে (জান্নাত) এসেছে তাঁরা খুশি হয়েছেন।

রান্নাঘর থেকে উঠে এসে শ্যামলী বেগম বলেন, ‘মেয়ের (জান্নাত) বাবা আর তাঁর ছেলের বাবা দুজনে অন্তরঙ্গ বন্ধু। দৈনিক একবার করে দুজন–দুজনের বাড়িতে যাওয়া–আসা করেন। আমাদের দুটি ছেলে। ওদের দুটি মেয়ে। ছেলে-মেয়ের ইচ্ছায় নয়, দুই বাবার ইচ্ছায় বিয়ে হয়েছিল। তাঁরাও চেয়েছিলেন, তাঁদের বন্ধুত্ব টিকে থাকুক।’

তিনি একনিশ্বাসে সংসারের সব গল্প বলে ফেললেন। শ্যামলী বেগম বলেন, ‘আমরা গরিব। কী আছে না আছে, সব দেখেশুনেই  বিয়ে দেওয়া হয়েছে। এখন মেয়ে এখানে বেশি থাকতে চায় না। এ নিয়েই মূলত সমস্যা হয়েছিল। তবে আদালত আবার দুই পরিবারকে এক করে দিয়েছে। আমারা খুশি হয়েছি।’

ছবি তুলতে চাইলে শিমুলের মা শ্যামলী বেগম নিজেই নাতিকে কোলে নিয়ে ছেলে ও ছেলের বউয়ের পাশে দাঁড়ালেন
ছবি: প্রথম আলো

জুমার নামাজ পড়ে শিমুল বাসায় ফিরে স্ত্রীর কাছ থেকে ছেলেকে কোলে টেনে নিলেন। শিমুল বলেন, ‘সামান্য ভুলবোঝাবুঝি। ওটা মিটে গেছে। আর কিছু হবে না। আমাদের মধ্যে আর কিছু নেই।’
আলাদা করে তাঁর স্ত্রী জান্নাত ফেরদৌসের সঙ্গে কথা হলো। তিনিও খুশি। বললেন, এখন আর কোনো ঝামেলা নেই। সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করছেন। কথা শেষ করে ছবি তুলতে চাইলে শিমুলের মা শ্যামলী বেগম নিজেই নাতিকে কোলে নিয়ে ছেলে ও ছেলের বউয়ের পাশে দাঁড়ালেন।

জান্নাতের বয়স প্রায় ১৯ বছর। শিমুলের প্রায় ২৩ বছর। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে-২–এর বিচারক মাসুদুজ্জামান মানবিক উদ্যোগ নিয়ে পুনরায় তাঁদের বিয়ের ব্যবস্থা করেন। এর আগে শিমুল পারভেজের সঙ্গে ২০২১ সালের ২ এপ্রিল জান্নাত ফেরদৌসের বিয়ে হয়। সংসার ভেঙে যাওয়ার পর গত ১২ অক্টোবর জান্নাতের মা বাদী হয়ে আদালতে যৌতুকের মামলা করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল আদালতে ওই মামলার জামিন শুনানি চলছিল। এ সময় বিচারক মাসুদুজ্জামান লক্ষ করেন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো মামলার বাদী জান্নাতের কোলে  ফুটফুটে এক শিশু কাঁদছে। এ অবস্থায় আদালতের পক্ষ থেকে শিশুটির ভবিষ্যতের বিষয়টি চিন্তা করে বাদী ও আসামিপক্ষকে আপসের পরামর্শ দেওয়া হয়। পরে দুই পক্ষের সম্মতিতে আদালতকক্ষেই বাসানো হয় বিয়ের আসর। এতে মাত্র দুই কার্যদিবসেই মামলাও নিষ্পত্তি হয়ে যায়।

বাদীপক্ষের আইনজীবী রেবেকা সুলতানা জান্নাতের বাড়িতে যাওয়ার ব্যাপারে জান্নাতের মায়ের মুঠোফোন নম্বর দিয়ে সহযোগিতা করেন। তিনি বলেন,  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুজ্জামান এই আদালতে যোগ দেওয়ার পর থেকে মানবিক বিচারের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এবার আদালতকক্ষে ব্যতিক্রমী বিয়ের আয়োজনের মাধ্যমে একটি সংসারের ভাঙন ঠেকানো গেল। এতে একটি শিশুর ভবিষ্যৎ নিশ্চিত হলো।