টাকা দিয়েও পাননি অাশ্রয়ণের ঘর

ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। দুই বছর হলেও কেউ ঘর পাননি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের কাছ থেকে কয়েকজন টাকা নিয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে দিয়েছেন। এরপর দুই বছর পার হলেও তাঁদের ঘর দেওয়া হয়নি।

২০২০ সালে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন একই ইউনিয়নের ভুবননগর গ্রামের মো. রতন ও ইউসুফ মিয়া, রৌহাটেক গ্রামের মো. আলম ও ফিরোজা আক্তার।

এখন ঘরও পাই নাই, টাকাও ফেরত দেয় না। ডাবলু বিশ্বাস গত বছর মারা গেছে। আমরা গরিব মানুষ, এখন কী করুম, তা–ও জানি না।
মমতাজ বেগম, ভুক্তভোগী ইউসুফ আলীর স্ত্রী

ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রতন ঘর পেতে তাঁর চাচাতো ভাই মানোয়ারের মাধ্যমে ইউনিয়নের সে সময়ের চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে সোহরাবকে ১০ হাজার টাকা দেন। এ ছাড়া ইউসুফকে ঘর দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ডাবলু বিশ্বাস নামের একজন ১৫ হাজার টাকা এবং মো. আলম ও ফিরোজা আক্তারের কাছ থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি ২০ হাজার টাকা করে নেন। এর মধ্যে ফিরোজার ২০ হাজার ও আলমের ১০ হাজার টাকা সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ আলী।

রতনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন মানোয়ার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘চেয়ারম্যান (সাবেক) হাফিজুর রহমান সোহরাব ২০২০ সালের শেষের দিকে আমারে জিগায়, “তোর কোনো আত্মীয়স্বজন আছে কি না, থাকলে তারে ঘর দিয়া দেই। তবে টাকাপয়সা লাগব।” পরে কত টাকা লাগব জিগাইলে কয়, “এখন ১০ হাজার আর ঘর দেওয়ার পর ১০ হাজার দিবি।” এরপর চাচাতো ভাই রতনের লিগা ঘর নিতে রতনের কাছ থিকা ১০ হাজার টাকা নিয়া চেয়ারম্যানরে দেই। আজ প্রায় দুই বছর হইয়া গেল ঘরও দেয় না, টাকাও দেয় না।’

ভুক্তভোগী ইউসুফ আলীর স্ত্রী মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘ঘর নিতে টাকা লাগব জানার পর বহু কষ্টে ১৫ হাজার টাকা জোগাড় কইরা ডাবলু বিশ্বাসের কাছে চেয়ারম্যানরে দেওনের লিগা দিছিলাম। মেম্বার নুরুল ইসলাম (৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন ইউপি সদস্য) উপস্থিত ছিল। এখন ঘরও পাই নাই, টাকাও ফেরত দেয় না। ডাবলু বিশ্বাস গত বছর মারা গেছে। আমরা গরিব মানুষ, এখন কী করুম, তা–ও জানি না।’

এসব টাকা সাবেক চেয়ারম্যান হাফিজুরের পকেটে গেছে বলে জানান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন সদস্য নুরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, সাবেক চেয়ারম্যান বিভিন্নজনের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন বিষয়টি সত্য। এলাকার অনেকেই বিষয়টি জানেন।

তবে ঘর দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান। তাঁর দাবি, একটি মহলের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। প্রথম আলোকে হাফিজুর বলেন, ‘আমি আশ্রয়ণ প্রকল্পের উপজেলা বাস্তবায়ন কমিটির একজন সদস্যমাত্র। ঘর দেওয়ার এখতিয়ার আমার নেই। স্থানীয় কতিপয় ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা অভিযোগ করছেন। যাঁরা টাকা নিয়েছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

টাকার মাধ্যমে ঘর পাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী প্রথম আলোকে বলেন, ‘ঘর পেতে যদি কেউ আর্থিক লেনদেন করে থাকেন, তবে উভয়েই অপরাধ করেছেন। বিষয়টি এখনো আমাকে কেউ অবহিত করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’