র‌্যাব-পুলিশ জঙ্গি-সন্ত্রাস দমন করেছে বলেই বাংলাদেশ আজ রোল মডেল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার বিকেলে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যেখানে অপরাধ, ভেজাল, সেখানেই র‌্যাব। র‌্যাব দেশের জনগণকে আস্থার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে র‌্যাব অনেক কিছু করেছে। র‌্যাব-পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমন করেছে বলেই আজ বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আর এর নেপথ্য কারিগর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ আলোকোজ্জ্বল দেশে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে র‌্যাবের ২১ দিনব্যাপী ‘নবজাগরণ’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গত ২৯ আগস্ট দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছিলেন র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার এমন একটা জায়গা, যেখানে সবাই আসতে চায় বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের কারণে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী রয়েছে। তারা কক্সবাজারকে শান্তিপূর্ণ ও স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে। নবজাগরণ কর্মসূচির মাধ্যমে অপরাধকে না বলার র‌্যাবের যুগান্তকারী কার্যক্রমও শুরু হয়েছে কক্সবাজার থেকে। উদ্দেশ্য একটাই—অপরাধে জড়িত হতে পারে, এমন সুবিধাবঞ্চিত লোকজনকে স্বাবলম্বী করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে গুলি করে, গ্রাম জ্বালিয়ে দিয়ে যাদের (রোহিঙ্গা) বিতাড়িত করা হয়েছিল, সবাই বলেছিল তাদের (রোহিঙ্গা) থামিয়ে দিতে, আটকে দিতে, যেন বাংলাদেশে ঢুকতে না পারে। কিন্তু প্রধানমন্ত্রী ১৯৭১ সালে ভারতে বাংলাদেশিদের শরণার্থী হওয়ার কথা স্মরণ করে দিয়ে বলেছিলেন, ‘ওদের (রোহিঙ্গা) আসতে দাও, যেহেতু তারা (রোহিঙ্গা ) জীবন রক্ষার জন্য পালিয়ে আসছে।’ মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের কারণে এখন নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ। তাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করছে র‌্যাব। পাশাপাশি অপরাধীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগও দিচ্ছে। ৩২টি বাহিনীর ৩২৮ জন দস্যু আত্মসমর্পণ করায় সুন্দরবন এখন দস্যুমুক্ত। র‌্যাব মহাপরিচালক আরও বলেন, গত চার বছরে সুন্দরবনে ডাকাতি, লুটের কোনো ঘটনা ঘটেনি। কক্সবাজারের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। কারণ, পাশের দেশ থেকে কক্সবাজারে ইয়াবা-আইস ঢুকছে। যুবসমাজ ইয়াবার ব্যবসায় জড়িয়ে বিপথগামী হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, অপরাধ হয় না এমন সমাজ পৃথিবীর কোথাও নেই। অপরাধী হিসেবে কেউ জন্ম নেয় না, সমাজই মানুষকে অপরাধ করতে বাধ্য করে। সমাজকে নিয়ন্ত্রণ করতে পারলে অপরাধ বন্ধ হয়ে যায়। সুন্দরবনে ৪০০ বছরের সমস্যা ছিল। সেখানকার তিন শতাধিক জলদস্যুকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছে র‌্যাব।

কর্মশালার আয়োজন করে র‌্যাব-১৫। কর্মশালায় কক্সবাজারের পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হোটেল-রেস্তোরাঁর কর্মচারী, লাইফগার্ড, ট্যুর অপারেটর, সার্ফিং, সেলাইসহ বিভিন্ন শ্রেণি–পেশার ৩৬ তরুণ-তরুণী অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণার্থীদের সনদপত্র, সেলাই মেশিন ও উপহারসামগ্রী তুলে দেন। প্রশিক্ষণ আয়োজনে সহায়তা দিচ্ছে পাঁচ তারকা হোটেল সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, কক্সবাজারের চার সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার ও কানিজ ফাতেমা আহমদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী, সায়মান বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান প্রমুখ।